প্রায় দুই বছর ধরে দফায় দফায় চলা কর্মবিরতি ও ধর্মঘট নিরসনে যুক্তরাজ্যের ট্রেন চালক ইউনিয়ন ও সরকার একটি বেতন প্রস্তাবে একমত হয়েছে।
ডয়চে ভেলের খবরে বলা হয়েছে, দেশটির সরকার এই চুক্তিকে একটি বড় অগ্রগতি হিসাবে বর্ণনা করে অবশেষে রেল ধর্মঘটের অবসান ঘটতে চলেছে বলে বিবৃতি দিয়েছে।
ট্রেন চালকদের ইউনিয়ন (এএসএলইএফ) জানায়, ২০২২/২৩ এর জন্য ৫%, ২০২৩/২৪ এর জন্য ৪.৭৫% ও ২০২৪/২৫ এর জন্য ৪.৫% বেতন বৃদ্ধির প্রস্তাব তাদের দাবির সঙ্গে সামঞ্জস্যপূর্ণ।
সংস্থাটি মনে করে, সদস্যদের এই প্রস্তাবের পক্ষে ভোট দেয়া উচিত।
ঐতিহাসিকভাবে শ্রমিকবান্ধব হিসেবে পরিচিত লেবার পার্টি গত নির্বাচনে বিপুল ভোটে জয়ের পর নতুন সরকার এএসএলইএফ-এর সঙ্গে আলোচনা শুরু করে।
এএসএলইএফ-এর সাধারণ সম্পাদক মিক ভেলান বলেন, আমরা আনন্দিত যে, অবশেষে আমরা একটি নতুন লেবার সরকার পেয়েছি, যারা রেলপথের কর্মী, যাত্রী ও করদাতাদের জন্য কাজ করতে চায়।
রেল ধর্মঘট ও ভ্রমণ পরিকল্পনায় ব্যাঘাত গত দুই বছরে ব্রিটিশ জীবনের একটি বৈশিষ্ট্য হয়ে উঠেছিল। দুই বছরে ট্রেন চালকরা সর্বমোট ১৮ দিন ধর্মঘট পালন করেছেন।
পরিসংখ্যান অনুসারে, ২০২২ সালের জুন থেকে ধর্মঘটের কারণে রেলওয়ের রাজস্ব প্রায় ৮৫০ মিলিয়ন পাউন্ড (১.০৯ বিলিয়ন ডলার) কম আদায় হয়।