যুক্তরাষ্ট্রের আসন্ন নির্বাচনে ডেমোক্র্যাটদের পক্ষে প্রেসিডেন্ট প্রার্থী হিসেবে নিজের চূড়ান্ত মনোনয়ন গ্রহণ করলেন কমলা হ্যারিস। শিকাগোতে দলটির কনভেনশনের শেষ দিনে বৃহস্পতিবার আনুষ্ঠানিকভাবে তাকে মনোনীত করেন ডেমোক্র্যাটরা।
এসময় দলটির উদ্দেশ্যে দেয়া ভাষণে নির্বাচিত হলে ধর্ম, বর্ণ নির্বিশেষে সকল আমেরিকানের পক্ষে কাজ করার ঘোষণা দেন তিনি। অর্থনৈতিক সংকট সমাধান, গর্ভপাতের প্রতি সমর্থনের মত বিষয়গুলোতেও জোরালো কাজ করার বার্তা দেন তিনি। বক্তব্যে গাজায় যুদ্ধবিরতিরও আহ্বান জানান বাইডেন প্রশাসনের এই ভাইস প্রেসিডেন্ট। যুক্তরাষ্ট্রকে পেছনের দিকে নিয়ে যেতে চান অভিযোগ করে হ্যারিস জানান ট্রাম্পকে হোয়াইট হাউজে ফিরিয়ে আনার মতো সিদ্ধান্ত দেশকে ভয়াবহ পরিণতির দিকে নিয়ে যাবে।
আসছে নভেম্বরে যুক্তরাষ্ট্রের ৬০তম প্রেসিডেন্ট নির্বাচন অনুষ্ঠিত হবে। এতে রিপাবলিকানদের পক্ষে আবারও হোয়াইট হাউজে ফিরতে লড়বেন ডোনাল্ড ট্রাম্প। বিভিন্ন জরিপে ডেমোক্র্যাট প্রার্থী কমলা হ্যারিস এগিয়ে থাকলেও নির্বাচনে হাড্ডাহাড্ডি লড়াইয়ের পূর্বাভাস দিচ্ছেন বিশেষজ্ঞরা। তবে হ্যারিস জয় পেলে প্রথমবারের মতো নারী প্রেসিডেন্ট পাবে যুক্তরাষ্ট্র।