রাশিয়ার পূর্বাঞ্চলীয় উপদ্বীপ কামচাটকায় ২২ আরোহীসহ একটি হেলিকপ্টার নিখোঁজ হয়েছে। আরোহীদের বেশির ভাগই পর্যটক। নিখোঁজ হেলিকপ্টারটি উদ্ধারে তল্লাশি অভিযান পরিচালনা করছে দেশটি।
স্থানীয় সময় শনিবার সকালে হেলিকপ্টারটি নিখোঁজ হয়। খবর কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল জাজিরা।
কামচাটকা গর্ভনর ভ্লাদিমির সোলোডোভ বলেন, তারা স্থানীয় সময় সকাল সোয়া ৪টার দিকে হেলিকপ্টারটির সঙ্গে যোগাযোগ হারিয়ে ফেলেন।
তিনি আরও বলেন, হেলিকপ্টারটি ভচকাজেতাস আগ্নেয়গিরির কাছাকাছি একটি ঘাঁটি থেকে উড্ডয়ন করেছিলো। এতে ১৯ যাত্রী ও তিন ক্রু সদস্য ছিলেন।
কর্মকর্তারা জানান, উড্ডয়নের কিছুক্ষণ পরই রাডার থেকে অদৃশ্য হয়ে যায় হেলিকপ্টারটি। রাতেই তল্লাশি অভিযান শুরু করে কর্তৃপক্ষ। কিন্তু ঘন কুয়াশায় তল্লাশি অভিযান বিঘ্নিত হচ্ছে বলে জানান তারা।
জরুরি বিষয় সংক্রান্ত মন্ত্রণালয়ের একটি সূত্র রাষ্ট্রায়ত্ত সংবাদ সংস্থা তাসকে জানায়, হেলিকপ্টারটি অদৃশ্য হয়ে যাওয়ার আগে ক্রুরা কোনো ধরনের সমস্যার কথা উল্লেখ করেননি।
দেশটির রাজধানী মস্কো থেকে প্রায় ছয় হাজার কিলোমিটার দূরের কামচাটকা উপদ্বীপ একটি জনপ্রিয় পর্যটন গন্তব্য।