যুক্তরাষ্ট্রের জর্জিয়া অঙ্গরাজ্যের আপালাচি হাইস্কুলে বন্দুক হামলায় অন্তত দুইজন নিহত ও চারজন আহত হয়েছেন। তবে কে বা কারা এ হামলা চালিয়েছে তা স্পষ্ট নয়।
মার্কিন সংবাদমাধ্যম সিএনএন'র প্রতিবেদনে বলা হয়েছে, বুধবার স্থানীয় সময় সকালে ওই স্কুলের ভেতর থেকে গুলির শব্দ শোনা যায়। খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে পৌঁছায় পুলিশ।
ব্যারো কাউন্টি শেরিফের অফিস এর আগে জানিয়েছিলো, সন্দেহভাজন বন্দুকধারী হিসেবে একজনকে তাদের জিম্মায় নেওয়া হয়েছে। তবে তার পরিচয় প্রকাশ করা হয়নি।
শেরিফের অফিস বলেছে, হামলায় হতাহতের খবর পাওয়া গেছে। আহতদের জখম কতটা গুরুতর বা কতজন হতাহত হয়েছেন সে ব্যাপারে তারা বিস্তারিত কিছু জানে না।
হাসপাতালের একটি সূত্র সিএনএনকে জানিয়েছে, স্থানীয় একটি হাসপাতালে গুলিবিদ্ধদের চিকিৎসা দেওয়া হচ্ছে।
সামাজিক মাধ্যমে ছড়িয়ে পরা ভিডিওগুলোতে দেখা যায়, আপালাচি হাইস্কুলের সামনে কমপক্ষে পাঁচটি অ্যাম্বুলেন্স এবং আইন প্রয়োগকারী সংস্থার সদস্যরা অবস্থান নিয়েছে। এছাড়াও ঘটনাস্থলে একটি মেডিকেল হেলিকপ্টার রয়েছে।
স্থানীয় এক কর্মকর্তা জানিয়েছেন, মার্কিন যুক্তরাষ্ট্রের কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থা ফেডারেল ব্যুরো অফ ইনভেস্টিগেশনের (এফবিআই) বিশেষ এজেন্টরা স্থানীয় আইন প্রয়োগকারী সংস্থাকে সহায়তা করতে এগিয়ে এসেছে।
জর্জিয়ার গভর্নর ব্রায়ান কেম্প পরিস্থিতি নিয়ন্ত্রণে যথাযথ পদক্ষেপ গ্রহণে রাষ্ট্রীয় সংস্থাগুলোকে নির্দেশ দিয়েছেন।