গর্ভবতীর দেহে ফাইজার ও মডার্না টিকার ভালো ফল: গবেষণা

ব্রিটেন ও যুক্তরাষ্ট্রের প্রায় ২ লাখ গর্ভবতী নারীর দেহে ফাইজার ও মর্ডানার টিকা প্রয়োগের পর কোন ধরণের বিরূপ প্রতিক্রিয়া পায়নি লন্ডনের ইম্পেরিয়াল কলেজ। 

ব্রিটেনে গর্ভবতী নারীদের টিকা গ্রহণের অনুমতি দিলেও প্রসূতি নারীদের টিকা গ্রহণে অনিহা রয়েছে। গবেষকরা বলছেন, বিশ্বব্যাপী গর্ভবতী নারীদের মৃত্যুঝুঁকি কমাতে হলে টিকা গ্রহণের বিকল্প নেই।

জয়ী অ্যাডওয়ার্ড নামে ৩৫ সপ্তাহের এক গর্ভবতী নারী গত মাসে কোভিড আক্রান্ত হয়ে ইন্টেনসিভ কেয়ার ইউনিটে ভর্তি হয়েছিলেন। পূর্বে তিনি সুযোগ থাকার পরও সিদ্ধান্তহীনতার কারণে টিকা গ্রহণ করেননি। মৃত্যুর ঝুঁকি থেকে ফিরে জয়ী জানান, কোন গর্ভবতী নারী যেন তার মত এমন ভুল না করেন।

শুধু জয়ী অ্যাডওয়ার্ডই নন, অক্সফোর্ড বিশ্ববিদ্যালয়ের সাম্প্রতিক গবেষণায় উঠে এসেছে ব্রিটেনের হাসপাতালগুলোতে ভর্তি হওয়া গর্ভবতী নারীদের ৯৯ শতাংশই টিকা গ্রহণ করেননি। 

আরও পড়ুন: ভালো চোখ নিয়ে জন্মের পর অন্ধ হয়ে গেছে চার ভাই!

লন্ডনের ইম্পেরিয়াল কলেজের বিশেষজ্ঞ ড. মনজুর শওকত বলেন, ব্রিটেন ও যুক্তরাষ্ট্রের গবেষণায় গর্ভবতী নারীদের টিকা গ্রহণের পর কোন ধরণের বিরূপ প্রতিক্রিয়া পাওয়া যায়নি।

অন্যদিকে গর্ভবতী নারী বা স্তন দানকারী মায়েরা টিকা গ্রহণ করলে তার সন্তানদের উপর কোন ধরণের বিরূপ প্রভাব পড়বেনা বলেও জানিয়েছেন নর্দান আয়ারল্যান্ডের উলস্টার হাসপাতালে কর্মরত চিকিৎসক ডা. জিন্নাত খান।

চলতি বছর এপ্রিলের মাঝামাঝিতে যুক্তরাজ্যে প্রসূতি নারীদের ফাইজার এবং মর্ডানার টিকা দেয়া শুরু করার পর জুলাই পর্যন্ত মোট ৬ লাখ গর্ভবতী নারীর মধ্যে ৫২ হাজার নারী টিকা গ্রহণ করেছেন। 

একাত্তর/আরএইচ