হিজবুল্লাহ ও ইসরাইলের পাল্টাপাল্টি হামলা

তারবিহীন যোগাযোগের যন্ত্র পেজার ও ওয়াকিটকি রেডিও বিস্ফোরণের পর লেবাননেন দক্ষিণাঞ্চলে গত এক বছরের মধ্যে সবচেয়ে ভয়াবহ বিমান হামলা চালিয়েছে ইসরাইল। হামলার প্রতিক্রিয়ায় কয়েক ঘণ্টার মধ্যে ইসরাইলের উত্তরাঞ্চলে একটি সামরিক ব্যারাক লক্ষ্য করে দেড় শতাধিক রকেট নিক্ষেপ করেছে লেবাননের সশস্ত্র গোষ্ঠী হিজবুল্লাহ। শুক্রবার, সংবাদমাধ্যম আল জাজিরা এসব তথ্য দিয়েছে।

হিজবুল্লাহর দাবি করেছে, তাদের হামলার লক্ষ্যবস্তু ছিলো ইসরাইলের ১৮৮তম আর্মার্ড ব্রিগেডের সদর দপ্তর, যা ইসরাইলের উত্তর কমান্ডের অধীনে কাজ করে।

এক বিবৃতিতে গোষ্ঠীটি বলেছে, ফিলিস্তিনি জনগণের বীরত্বপূর্ণ এবং সম্মানজনক প্রতিরোধ যুদ্ধে সমর্থনের পাশাপাশি দক্ষিণ লেবাননে ইসরাইলি সামরিক বাহিনীর সবশেষ হামলার বিরুদ্ধে প্রতিশোধ নেয়ার জন্য এই আক্রমণ চালিয়েছে তারা।

ইসরাইলের আর্মি রেডিও’র বরাতে আল জাজিরা জানিয়েছে, উত্তর ইসরাইলের মাউন্ট মেরন এলাকায় অতি সম্প্রতি ২০টি রকেট নিক্ষেপ করা হয়েছে, যার বেশিরভাগই খোলা জায়গায় পড়েছে। এ নিয়ে গেল কয়েক ঘণ্টার মধ্যে ইসরাইলের দিকে মোট ১৫০টি রকেট নিক্ষেপ করা হয়েছে বলে জানানো হয় প্রতিবেদনে। ইসরাইলের ওয়াইনেট নিউজ জানিয়েছে, এ হামলায় অন্তত একজন আহত হওয়ার খবর পাওয়া গেছে।

hizbulla1

এর আগে, হিজবুল্লাহর যোদ্ধাদের লক্ষ্য করে ব্যাপক বিমান হামলা চালায় ইসরাইলের সামরিক বাহিনী। বার্তা সংস্থা রয়টার্স জানিয়েছে, বৃহস্পতিবার গভীররাতে দক্ষিণ লেবাননে সবচেয়ে তীব্র হামলা চালায় আইডিএফ। এই হামলা ছিলো গত প্রায় এক বছরের যুদ্ধের মধ্যে ইসরাইলি যুদ্ধবিমানগুলো সবচেয়ে তীব্র হামলা। এই ঘটনায় তাৎক্ষণিকভাবে হতাহতের কোন খবর জানা যায়নি।

পশ্চিমাদের পক্ষ থেকে সংযমের আহ্বান মধ্যে এই হামলা ইসরাইল ও হিজবুল্লাহর মধ্যে সংঘর্ষকে আরও বাড়িয়ে তুলেছে। এই পরিস্থিতিতে উত্তেজনা ও সংঘাত না বাড়িয়ে সংযমের আহ্বান জানিয়েছে যুক্তরাষ্ট্র ও যুক্তরাজ্য।

হোয়াইট হাউস বলেছে, সংকটের কূটনৈতিক সমাধান অর্জন সম্ভব এবং সেটিই জরুরি। এছাড়া ইসরাইল ও হিজবুল্লাহর মধ্যে অবিলম্বে যুদ্ধবিরতির আহ্বান জানিয়েছে ব্রিটেনও।

তবে, ইসরাইলের প্রতিরক্ষামন্ত্রী ইয়োভ গ্যালান্ট বলেছেন, ইসরাইল হিজবুল্লাহর বিরুদ্ধে সামরিক অভিযান অব্যাহত রাখবে। আইডিএফ ইসরাইল রাষ্ট্রকে রক্ষা করার জন্য হিজবুল্লাহর অবকাঠামো এবং সক্ষমতা হ্রাস করার জন্য কাজ চালিয়ে যাবে।

তিনি আরও জানান, বৃহস্পতিবার বিকেল থেকে তাদের যুদ্ধবিমানগুলো প্রায় এক হাজার ব্যারেল সমন্বিত প্রায় ১০০টি রকেট লঞ্চারে আঘাত হানে।

hizbulla2

যন্ত্র বিস্ফোরণে লেবাননে মৃত্যুমিছিলের মধ্যেই বড়সড় এই হামলা চালালো ইসরাইল। পেজারকাণ্ডে তেল আবিবের তীব্র সমালোচনা করে হুঁশিয়ারি দেন হিজবুল্লাহ নেতা হাসান নাসরুল্লা। তার ভাষণের পরদিনই লেবাননে হামলা চালায় ইসরাইল। জানা গেছে ইসরাইলি হামলায় গুঁড়িয়ে গেছে হিজবুল্লার ১০০টি রকেট লঞ্চার। ধ্বংস হয়েছে এক হাজারের বেশি ক্ষেপণাস্ত্র। তবে এনিয়ে কিছু জানায়নি হিজবুল্লাহ।

উল্লেখ্য, গত মঙ্গলবার পেজার বিস্ফোরণে রক্তাক্ত হয় লেবানন। প্রাণ গেছে ১২ জনের। আহত ৪ হাজারের কাছাকাছি। হাসপাতালগুলো উপচে পড়ছে জখমদের ভিড়ে। সেই ধাক্কা কাটিয়ে ওঠার আগেই নতুন করে বিস্ফোরণ হয় লেবাননে। দুমদাম ওয়াকিটকি ফেটে মৃত্যু হয় অন্তত ২০ জনের। আহত হয় ৪৫০। এরপরই হিজবুল্লারহর ঘাঁটি ও সামরিক স্থাপনা করে বড়সড় হামলা চালালো ইসরাইল।