ফিলিস্তিনের গাজা উপত্যকায় আবারও বিমান হামলা চালিয়েছে ইসরাইল। এখন পর্যন্ত এ হামলায় হতাহতের কোনো খবর এখনো পাওয়া যায়নি।
শনিবার (৭ আগস্ট) ইসরাইলের সামরিক বাহিনীর বরাতে বার্তা সংস্থা রয়টার্স হামলার বিষয়টি নিশ্চিত করেছে।
ইসরায়েলের সামরিক বাহিনীর পক্ষ থেকে বলা হয়েছে, হামাসের বেলুন হামলার জবাবে পাল্টা বিমান হামলা চালানো হয়েছে। গাজার যে অঞ্চল থেকে হামাস রকেট হামলা চালিয়েছে, সে স্থাপনা লক্ষ্য করে বিমান হামলা চালানো হয়েছে।
ইসরাইলের বিমান হামলায় ঠিক কি পরিমাণ ক্ষয়ক্ষতি হয়েছে, তা এখনো জানা যায়নি। এ বিষয়ে হামাসের পক্ষ থেকেও কিছু জানানো হয়নি।
ফিলিস্তিনের পক্ষ থেকে বলা হয়েছে, ইসরায়েলের সেনারা গাজা সীমান্তে গুলি চালিয়েছিল। তার জবাবে শুক্রবার (৬ আগস্ট) বেলুন হামলা চালানো হয়।
তবে ইসরাইলের দাবি, শুক্রবার (৬ আগস্ট) ফিলিস্তিন থেকে একাধিক বেলুন ছোড়া হয়েছে। এসবের জবাব দিয়েছে ইসরাইল।
এদিকে গত সপ্তাহে লেবাননেও বিমান হামলা চালিয়েছে ইসরাইল। জবাবে পাল্টা রকেট হামলা চালায় হিজবুল্লাহ। এসব ঘটনায় হতাহতের নিশ্চিত কোনো তথ্য পাওয়া যায়নি।
আরও পড়ুন: যেমন চলছে গণটিকাদান কার্যক্রম
গত ১০ মে থেকে টানা ১২ দিন ধরে অবরুদ্ধ গাজা উপত্যকার বেসামরিক অবস্থানগুলোতে বিমান ও ক্ষেপণাস্ত্র হামলা চালায় ইসরাইল। এতে ৬৯ শিশুসহ অন্তত ২৫৬ ফিলিস্তিনি নিহত হয় এবং আহত হয় আরও প্রায় দুই হাজার ফিলিস্তিনি। যা সাম্প্রতিকালে বিশ্বের যেকোনো সংঘর্ষের চেয়ে অনেক বেশি রক্তক্ষয়ী। পরে যুদ্ধবিরতির মধ্য দিয়ে ওই সংঘাতের সমাপ্তি ঘটে।
একাত্তর/আরবিএস