হুতি-ইসরাইল পাল্টাপাল্টিতে উত্তপ্ত লোহিত সাগর

পাল্টাপাল্টি হামলার ঘটনায় উত্তপ্ত হয়ে উঠেছে লোহিত সাগর। পশ্চিম ইয়েমেনে হুতি বিদ্রোহীদের লক্ষ্য করে ইসরাইলের বিমান হামলার পাল্টা জবাব দিয়েছে দেশটির সশস্ত্র বিদ্রোহ গোষ্ঠী। গেলো কয়েকদিন ধরেই ইসরাইল ও হুতি বিদ্রোহীদের মধ্যে পাল্টাপাল্টি হামলা চলছে।

মঙ্গলবার রয়টার্সের প্রতিবেদনে বলা হয়েছে, এক টেলিভিশন বক্তৃতায় হুতির সামরিক মুখপাত্র ইয়াহিয়া সারি দাবি করেছেন, তেল আবিব ও ইলাতে ইসরাইলি সেনা ঘাঁটি লক্ষ্য করে ড্রোন হামলা চালিয়েছে ইয়েমেনের হুতি যোদ্ধারা। তাৎক্ষণিকভাবে এই হামলায় ক্ষয়ক্ষতি বা হতাহতের খবর পাওয়া যায়নি।

হুতি যোদ্ধাদের এক বিবৃতিতে বলা হয়েছে, তাদের ‘মানবহীন বিমান বাহিনী’ তেল আবিবের জাফা এলাকায় ইসরাইলি সেনাবাহিনীর একটি সামরিক লক্ষ্যবস্তুতে আঘাত করেছে। চারটি ড্রোন ইলাত শহরে সামরিক লক্ষ্যবস্তুতে আঘাত করেছে। এছাড়া তেল আবিবে বিস্ফোরণের শব্দ শোনা গেছে।

এই হামলার আগে সোমবার এক বিবৃতিতে হুতির সামরিক শাখার মুখপাত্র ব্রিগেডিয়ার জেনারেল ইয়াহিয়া সারি এক বিবৃতিতে বলেছেন, মার্কিন ড্রোনটি সাদা প্রদেশের উপর দিয়ে উড়ে যাওয়ার সময় তাদের বিমান প্রতিরক্ষা ব্যবস্থা সেটিকে বাধা দেয়। সেটিকে গুলি করে ভূপাতিত করা হয়েছে।

ইয়েমেনে প্রায় তিন কোটি ডলার মূল্যের মার্কিন এমকিউ-৯ রিপার ড্রোন ভূপাতিত হওয়ার সবশেষ ঘটনা এটি। সশস্ত্র গোষ্ঠীটি বলছে, পশ্চিম ইয়েমেনে গত রোববার যুক্তরাষ্ট্রের সমর্থনে ইসরাইলি বিমান হামলার জবাব দিয়েছে তারা। আল-হুদাইদাহ প্রদেশে বেসামরিক স্থাপনায় ১৭টি হামলা চালিয়েছে ইসরাইল।

রোববার, ইসরাইল সেনাবাহিনী এক বিবৃতিতে জানিয়েছে, ইয়েমেনের রাস ইসা ও হোদেইদা সমুদ্রবন্দরের পাশাপাশি কয়েকটি বিদ্যুৎ প্রকল্পকে লক্ষ্য করে হামলা চালানো হয়েছে। এতে, যুদ্ধবিমানের পাশাপাশি কয়েক ডজন ‘মানবহীন আকাশযানও অংশ নেয়’। এ হামলায় কমপক্ষে চারজন প্রাণ হারিয়েছেন।

huti1

হুতিরা ইসরাইলের বেন গুরিয়ন বিমানবন্দরকে ক্ষেপণাস্ত্র হামলার লক্ষ্যবস্তু করেছে, এমন ঘোষণার পর গত রোববার ইয়েমেনের হোদাইদাহ শহরে হামলা করে ইসরায়েলি সেনারা। লেবানন ও সিরিয়ায় ইসরাইলি হামলায় গভীরভাবে উদ্বেগ প্রকাশ করেছে রাশিয়া।

ইরান–সমর্থিত হুতি বিদ্রোহীরা গত নভেম্বর থেকে লোহিত সাগর, এডেন উপসাগর ও বাব আল-মানদেব প্রণালিতে ইসরাইল ও ইসরাইল সংশ্লিষ্ট জাহাজে ড্রোন ও ক্ষেপণাস্ত্র হামলা চালিয়ে আসছে। গাজায় ইসরাইলি হামলার প্রতিবাদে তারা এই জবাব দিচ্ছে।