টোকিওতে ট্রেনে ছুরি হামলায় আহত ১০, আটক ১

জাপানের রাজধানী টোকিওতে একটি যাত্রীবাহী ট্রেনে ছুরি হামলায় অন্তত ১০ জন আহত হয়েছেন। হামলায় জড়িত সন্দেহে ৩৬ বছর বয়সী একজনকে আটক করা হয়েছে। অলিম্পিক উপলক্ষে টোকিওতে ব্যাপক কড়াকড়ির মধ্যে এমন হামলার ঘটনা ঘটলো।   

শুক্রবার (৭ আগস্ট) স্থানীয় সময় রাত সাড়ে ৮টার দিকে সেইজুগাকুয়েন স্টেশনের কাছে এ হামলা ঘটনা ঘটে। 

আন্তর্জাতিক সংবাদমাধ্যম দ্য গার্ডিয়ান এক প্রতিবেদনে জানিয়েছে, হামলায় আহত ১০ জনের ৯ জনকেই হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে। একজন ঘটনাস্থল থেকেই বাড়ি ফিরে গেছেন। তবে হামলায় আহত এক নারী শিক্ষার্থীর অবস্থা আশঙ্কাজনক বলে জানা গেছে।  

হামলার সময় মানুষের চিৎকার শুনে ট্রেন চালক থামিয়ে দেন। আর এ সুযোগে সন্দেহভাজন হামলাকারী ট্রেন থেকে নেমে পালিয়ে যান। পরে একটি দোকানে গিয়ে সেখানকার কর্মীদের সামনে নিজেকে হামলাকারী হিসেবে পরিচয় দেন তিনি। এবং পালাতে পালাতে ক্লান্ত হয়ে গেছেন, একথাও জানান। পরে পুলিশ তাকে গ্রেপ্তার করে। 

আরও পড়ুন: ফিলিস্তিনে ফের ইসরাইলি বিমান হামলা

টোকিও মেট্রোপলিটন পুলিশ জানায়, সন্দেহভাজন হামলাকারীকে গ্রেপ্তার করা হয়েছে। জিজ্ঞাসাবাদ শেষে পুলিশ বাকি তথ্য জানাবে। এ বিষয়ে এখনো বিস্তারিত কিছু জানায়নি পুলিশ।  

এদিকে জাপানের স্থানীয় গণমাধ্যমগুলোর বলছে, সন্দেহভাজন হামলাকারী নারীদের খুন করতে চান, জিজ্ঞাসাবাদে পুলিশকে এমনটাই জানিয়েছেন তিনি।

করোনা সংক্রমণের কারণে গত ২৩ জুলাই জাপানে শুরু হওয়া অলিম্পিক গেমস নিয়ে আগে থেকেই নানা বিতর্ক চলছিল। এরমধ্যে এ হামলার ঘটনায় স্থানীয়দের মধ্যে মিশ্র প্রতিক্রিয়া সৃষ্টি করেছে। 


একাত্তর/আরবিএস