ইরান নিয়ে বাইডেন-নেতানিয়াহু উত্তপ্ত ফোনালাপ

ইরানে প্রতিশোধমূলক পাল্টা আক্রমণ নিয়ে, আমেরিকার প্রেসিডেন্ট জো বাইডেন ও ইসরাইলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর মধ্যে ফোনালাপ হয়েছে। প্রায় ৩০ মিনিট ফোনালাপে কি ধরনের কথা হয়েছে, তা নিয়ে আনুষ্ঠানিক কোন বক্তব্য পাওয়া যায়নি। তবে আলাপের সময় ইসরাইলের প্রতি আমেরিকার বজ্রকঠিন সমর্থনের কথা পুনর্ব্যক্ত করেছেন। বুধবারের এই ফোনালাপটি ছিল গত আগস্টের পর তাদের মধ্যকার প্রথম প্রকাশ্য আলোচনা। দুই নেতাই বলেছেন, তাদের মধ্যে ‘পজেটিভ’ আলোচনা হয়েছে। 

তবে, এ সময় ইরানে ইসরাইলের পাল্টা হামলা চালানোর বিষয়ে দুই নেতার মধ্যে উত্তপ্ত ফোনালাপ হয়েছে বলে দাবি করছে একটি সূত্র। ইসরাইলের প্রতি যুক্তরাষ্ট্রের বজ্রকঠিন সুরক্ষা প্রতিশ্রুতি পুনর্ব্যক্ত করলেও বাইডেন এই মুহূর্তে ইরানে হামলা করতে বারণ করেছেন। ফোনালাপের সময় মার্কিন ভাইস প্রেসিডেন্ট কমলা হ্যারিসও উপস্থিত ছিলেন, যিনি আগামী মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনে ডেমোক্র্যাট প্রার্থী।

হোয়াইট হাউজ এক বিবৃতিতে জানিয়েছে, ফোনালাপে বাইডেন ইসরাইলের নিরাপত্তার প্রতি তার অটল প্রতিশ্রুতি পুনর্ব্যক্ত করেন এবং ইরানের ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র হামলার তীব্র নিন্দা জানান। গত ১ অক্টোবর ইসরাইলি সামরিক স্থাপনাগুলোকে লক্ষ্য করে ইরান এই হামলা চালায়। এই হামলার জবাবে পাল্টা জবাব দেওয়ারও হুঁশিয়ারি দিয়েছিলেন দেশটির যুদ্ধবাজ প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু।

ধারণা করা হচ্ছে, ইরানের হামলার অনুমতি নিতেই বাইডেনের সঙ্গে কথা বলেছেন নেতানিয়াহু। কিন্তু ৩০ মিনিটের ফোনালাপেও বাইডেনের মন গলাতে পারেননি। এ সময় ইসরাইল ও ইরানের মধ্যকার উত্তেজনা নিয়ে আলোচনাও হলেও বাইডেন প্রশাসন এখনো ইরানের তেল বা পারমাণবিক স্থাপনাগুলোতে হামলার অনুমোদন দেয়নি। বাইডেন ইঙ্গিত দিয়েছেন, ইরানের তেলের স্থাপনায় আঘাত হানলে তেলের দাম বৃদ্ধি পাবে এবং তা মার্কিন অর্থনীতির জন্য ক্ষতিকর হতে পারে।

লেবাননে চলমান সংঘর্ষের প্রেক্ষাপটে কূটনৈতিক সমাধানের ওপর গুরুত্ব দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট। ইসরাইলের দক্ষিণ লেবাননে অভিযান এবং সেখানে প্রাণহানির ঘটনা নিয়েও উদ্বেগ জানিয়েছেন তিনি। হোয়াইট হাউজ জানিয়েছে, বাইডেন লেবাননের বেসামরিক জনগণের সুরক্ষা নিশ্চিত করার আহবান জানিয়েছেন। তবে হিজবুল্লাহর ওপর চাপ বৃদ্ধি পাওয়ায় এখন কোনো যুদ্ধবিরতির চেষ্টা করা হচ্ছে না।

ফোনালাপে গাজায় ইসরাইলি হামলা ও মানবিক সংকট নিয়ে উদ্বেগ জানিয়ে বাইডেন ইসরাইলকে আন্তর্জাতিক মানবিক আইন মেনে চলার আহ্বান জানান। গত এক বছরে গাজা উপত্যকায় ইসরাইলের বর্বরোচিত হামলায় অন্তত ৪২ হাজার মানুষ নিহত হয়েছেন, যাদের বেশিরভাগই বেসামরিক নাগরিক। ইসরাইলি অবরোধে অঞ্চলটি দুর্ভিক্ষের দ্বারপ্রান্তে রয়েছে।

যুক্তরাষ্ট্র প্রতি বছর ইসরাইলকে ৩৮০ কোটি ডলারের সামরিক সহায়তা দিয়ে থাকে। বর্তমান যুদ্ধ চালিয়ে যেতে ইসরাইলকে অতিরিক্ত ১,৪০০ কোটি ডলারের সহায়তা দেয়ার অনুমোদন দিয়েছে বাইডেন প্রশাসন।