তিনদিনে তিন প্রাদেশিক রাজধানী দখল করলো তালেবান

আফগানিস্তানের নিমরোজ প্রদেশের রাজধানী যারাঞ্জ দখলের দুই দিনের মাথায় আরও দুটি প্রাদেশিক রাজধানী দখল করে নিয়েছে জঙ্গিগোষ্ঠী তালেবান। 

রোববার (৮ আগস্ট) এক বিবৃতিতে দেশটির কুন্দুজ শহর দখল করে নেয়ার কথা জানিয়েছে তালেবান। বিবৃতিতে তারা বলেছে, শহরের পুলিশ হেডকোয়ার্টার, গভর্নর অফিস এবং জেলখানা দখলে নিয়েছে তারা। 

এর আগে শনিবার (৭ আগস্ট) জাওযান প্রদেশের রাজধানী শেবেরগান দখল করে তারা। এ নিয়ে এখন পর্যন্ত চারটি প্রাদেশিক রাজধানী তালেবানের হাতে চলে গেলো। 

কুন্দুজের স্বাস্থ্য কর্মকর্তারা জানিয়েছেন, এখন পর্যন্ত সেখানে ১৪ জনের মরদেহ পাওয়া গেছে এবং অন্তত ৩০ জনকে হাসপাতালে নেয়া হয়েছে। 

গত ২৪ ঘণ্টা ধরে সেখানে অভিযান চালানোর কথা এক ভিডিও বার্তায় জানিয়েছে আফগানিস্তানের প্রতিরক্ষা মন্ত্রণালয়। 

আরও পড়ুন: আফগানিস্তানে বোমা হামলায় বিমান বাহিনীর পাইলট নিহত

এদিকে, কুন্দুজ দখলের কয়েক ঘণ্টার মধ্যে উত্তরের আরেক শহর সার-এ-পুল দখল করে তারা। এছাড়াও, হেরাত, কান্দাহার ও লস্কর গাহে আফগান বাহিনীর সাথে তালেবানের ব্যাপক যুদ্ধ চলছে।

রোববার (৮ আগস্ট) লস্কর গাহে একটি ক্লিনিক ও একটি স্কুলে বিমান হামলা করা হয়। 

অন্যদিকে, যুক্তরাষ্ট্র কর্তৃক প্রশিক্ষণপ্রাপ্ত আফগান পাইলটদের টার্গেট করে অভিযান চালানোর কথা স্বীকার করেছে তালেবান। শনিবার (৭ আগস্ট) তাদের গাড়ি বোমা হামলায় আফগান বিমান বাহিনীর এক পাইলট নিহত হন। 

আফগানিস্তানের গ্রামাঞ্চল দখলের পর এখন একে একে প্রধান শহর ও প্রাদেশিক রাজধানীগুলো দখলের দিকে আগাচ্ছে তালেবান বাহিনী। 


ছবি: রয়টার্স 

একাত্তর/এসজে