খামেনি গুরুতর অসুস্থ, দাবি নিউইয়র্ক টাইমসের

ইরানের সর্বোচ্চ ধর্মীয় নেতা আয়াতুল্লাহ আলি খামেনি গুরুতর অসুস্থ বলে দাবি করেছে নিউইয়র্ক টাইমস। প্রভাবশালী এই মার্কিন দৈনিকের এক প্রতিবেদনে আরও বলা হয়েছে, খামেনির দ্বিতীয় ছেলে মোজতাবা খামেনিকে সম্ভাব্য উত্তরসূরি হিসেবে বিবেচনা করা হচ্ছে।

ইসরাইলের সংবাদমাধ্যম জেরুজালেম পোস্টও রোববার নিউইয়র্ক টাইমসের বরাতে এই খবর দিয়েছে। ওই প্রতিবেদনে আরও বলা হয়েছে যে, আলি খামেনির (৮৫) অসুস্থ হয়ে পড়ার খবরে তার উত্তরসূরি হবার জন্য ইরানের রাজনৈতিক মহলে ‘নীরব প্রতিযোগিতা’ শুরু হয়েছে। এতে মোজতবাই এগিয়ে আছেন।

বয়সের ভারে নুইয়ে পড়লেও ইরানের সর্বোচ্চ নেতা খামেনিকে মধ্যপ্রাচ্যে নিজেদের চরম শত্রু ইসরাইলের সঙ্গে এখনো টক্কর দিতে হচ্ছে তাকে। কিন্তু মার্কিন গণমাধ্যম নিউইয়র্ক টাইমস এবার খামেনিকে নিয়ে চাঞ্চল্যকর তথ্য ছড়িয়েছে। তারা বলছে, ৮৫ বছর বয়সী খামেনি মারাত্মক অসুস্থ হয়ে পড়েছেন।

প্রথম সর্বোচ্চ ধর্মীয় নেতা রুহুল্লাহ খোমেনির প্রয়াণের পর ১৯৮৯ সাল থেকে এই পদে আছেন আয়াতুল্লাহ খামেনি। তার নেতৃত্বেই মধ্যপ্রাচ্যে ইসরাইলের বিরুদ্ধে গড়ে উঠেছে শক্তিশালী প্রতিরোধ অক্ষ। ফিলিস্তিনের হামাস, লেবাননের হিজবুল্লাহ, ইয়েমেনের হুথি আর ইরাক-সিরিয়ার মিলিশিয়া বাহিনী আছে এই অক্ষে।

khamini3

খামেনির অসুস্থতার খবর এমন সময় এলো যার একদিন আগেই ইরানের ব্যালাস্টিক মিসাইল হামলার জবাবে দেশটিতে বিমান হামলা চালিয়েছে ইসরাইল।

হামলা পর খামেনিও হুঁশিয়ারি দিয়ে বলেছেন, তার দেশের  কর্মকর্তারা ইসরাইলের জন্য সঠিক জবাব নির্বাচন করবেন এবং বাস্তবায়ন করবেন।

খামেনির অসুস্থতার খবর দিয়ে নিউইয়র্ক টাইমস দাবি করেছে, নেতৃত্ব কার হাতে উঠবে তা নিয়ে এরই মধ্যে লড়াই শুরু হয়ে গেছে। নেতৃত্ব দেয়ার মতো একাধিক যোগ্য ব্যক্তি রয়েছেন। তবে খামেনির ইচ্ছের ওপর নির্ভর করছে সব কিছু। এছাড়া পরবর্তী সর্বোচ্চ নেতা নির্বাচনে ইসলামি বিপ্লবী গার্ডেরও ভূমিকা রয়েছে।

khamini2

গেল মে মাসে হেলিকপ্টার বিধ্বস্ত হয়ে মারা যান ইরানের প্রেসিডেন্ট ইব্রাহিম রাইসি। তাকে নিজ হাতে গড়েছিলেন খামেনি। ধারণা করা হচ্ছিল, তিনিই হচ্ছেন দেশটির পরবর্তী সর্বোচ্চ নেতা। কিন্তু রাইসির মৃত্যুর পর খামেনির পরবর্তী উত্তরসূরি কে হবেন, তা নিয়ে উদ্বেগ দেখা দিয়েছে।