ফিলিস্তিনের গাজায় ইসরায়েলি বাহিনীর সঙ্গে যুদ্ধে গত ছয় মাসে নিহতদের মধ্যে ৭০ শতাংশই নারী ও শিশু। আজ শুক্রবার এক প্রতিবেদনে এ দাবি করেছে জাতিসংঘের মানবাধিকার সংস্থা। গাজায় বেসমারিক হতাহতের ঘটনায় ইসরায়েলের প্রতি নিন্দাও জানিয়েছে জাতিসংঘের এ সংস্থা।
জাতিসংঘের মানবাধিকার সংস্থার প্রতিবেদনে বলা হয়েছে, ‘আইন্তর্জাতিক আইন লঙ্ঘনের অভূতপূর্ব ঘটনা ঘটছে গাজায়। সেখানে যুদ্ধাপরাধ ও অন্যান্য নৃশংস ঘটনা উদ্বেগজনকভাবে বাড়ছে।’
জাতিসংঘের এই সংস্থার বরাত দিয়ে ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসি জানিয়েছে, ২০২৩ সালের নভেম্বর থেকে ২০২৪ সালের এপ্রিল পর্যন্ত গাজায় ৮ হাজার ১১৯ জন নিহত হয়েছেন। যাচাই করা নিহতদের মধ্যে প্রায় ৪৪ শতাংশ শিশু এবং ২৬ শতাংশ নারী। নিহতদের মধ্যে ৫ থেকে ৯ বছর বয়সী শিশুদের সংখ্যা সবচেয়ে বেশি।
এই বিপুল সংখ্যক নিহতদের ৮০ শতাংশই আবাসিক ভবন বা অনুরূপ বসতিতে নিহত হয়েছেন বলে জানিয়েছে জাতিসংঘের মানবাধিকার সংস্থা।
জাতিসংঘের মানবাধিকার সংস্থার প্রধান ভলকার তুর্ক বলেন, ‘আন্তর্জাতিক মানবিক আইনের মৌলিক নীতিগুলো পালন না করার কালনে এই ভয়ঙ্কর মাত্রার বেসামরিক হতাহতের ঘটনা ঘটছে।’
বিবিসি জানিয়েছে, তারা জাতিসংঘের এই প্রতিবেদনের ব্যাপারে মন্তব্য জানতে ইসরায়েলি প্রতিরক্ষা বাহিনীর (আইডিএফ) সঙ্গে যোগাযোগ করলেও তারা কোনো মন্তব্য করেনি।
জাতিসংঘ জানিয়েছে, ফিলিস্তিনের সশস্ত্র গোষ্ঠিগুলো জনবহুল এলাকা থেকে ইসরায়েলিদের বিরুদ্ধে যুদ্ধ করছে। এ কারণে ইসরায়েলি বাহিনী ওইসব জনবহুল এলাকায় নির্বিচারে বোমা বর্ষণ করছে। ফলে হতাহতের সংখ্যা ভয়ঙ্করভাবে বাড়ছে।