ব্রিটিশ প্রিন্সের বিরুদ্ধে যৌন নির্যাতনের অভিযোগ

ব্রিটেনের রানি এলিজাবেথের দ্বিতীয় ছেলে ডিউক অফ ইয়র্ক যুবরাজ অ্যান্ড্রুর বিরুদ্ধে যৌন নির্যাতনের অভিযোগ এনেছেন এক মার্কিন নারী। 

সোমবার (৯ আগস্ট) ভার্জিনিয়া জিউফ্রে নামের ওই নারী নিউ ইয়র্কের আদালতে এ মামলা করেন। 

তিনি জানান, প্রায় বিশ বছর আগে নারী পাচারকারী জেফরি এপ্সটিন ১৭ বছরের ভার্জিনিয়াকে পাচার করে লন্ডনে নিয়ে যান। সেখানে প্রিন্স অ্যান্ড্রু তাকে ইচ্ছার বিরুদ্ধে যৌন সম্পর্কে জড়াতে বাধ্য করে বলে জানিয়েছেন ভার্জিনিয়ার আইনজীবী। 

প্রিন্স অ্যান্ড্রুকে দায়ী করে ভার্জিনিয়া বলেন, ক্ষমতাবান এবং ধনী ব্যক্তিদেরও তাদের ক্রিয়াকলাপের জন্য জবাব দিতে হবে। 

আরও পড়ুন: যুক্তরাষ্ট্রে টিকা গ্রহণকারীদের মৃত্যু ০.০০১ শতাংশেরও কম

এ অভিযোগের বিপরীতে কোন মন্তব্য করতে রাজি হননি অ্যান্ড্রুর মুখপাত্র। 

এর আগেও অ্যান্ড্রুর বিরুদ্ধে অভিযোগ করেছিলেন ভার্জিনিয়া। ২০১৯ সালে প্রিন্স অ্যান্ড্রু এ অভিযোগ নাকচ করে বিবিসিকে এক সাক্ষাৎকারে বলেছিলেন, ভার্জিনিয়ার সাথে দেখা হওয়ার মতো কোন ঘটনাই তার মনে পড়ে না। 

এমনকি, ভার্জিনিয়ার সাথে তার একটি ছবি ফাঁস হওয়ার পরও তিনি এটিকে নকল বলে দাবি করেন। 

প্রিন্স অ্যান্ড্রুর বিরুদ্ধে কুখ্যাত নারী পাচারকারী জেফরি এপ্সটিনের সাথে ঘনিষ্ঠ সম্পর্ক থাকার অভিযোগ রয়েছে। 

২০১৯ সালে এপ্সটিনের বিরুদ্ধে নারী পাচারের অভিযোগ প্রমাণিত হওয়ার পর আদালতের রায়ের জন্য অপেক্ষাকালে জেলে বসেই আত্মহত্যা করে সে। 


একাত্তর/এসজে