পবিত্র হজ পালনে সৌদি আরবে গিয়ে পাকিস্তানের অনেক নাগরিক সেখানে ভিক্ষাবৃত্তিতে জড়িয়ে পড়ে বলে অভিযোগ রয়েছে। এনিয়ে দেশটিকে আন্তর্জাতিকভাবে বিব্রতকর পরিস্থিতির মুখোমুখিও হতে হয়েছে। তাই সেই দুর্নাম ঘুচাতে এবার কঠোর পদক্ষেপ নেয়ার কথা জানিয়েছে পাকিস্তান সরকার।
সম্প্রতি পাকিস্তানের ধর্ম মন্ত্রণালয়ের বরাত দিয়ে মিডলইস্ট মনিটর এক প্রতিবেদনে জানিয়েছে, এখন থেকে পাকিস্তানি নাগরিকদের ওমরাহ এবং হজে যাওয়ার আগে একটি হলফনামায় সই করে প্রতিশ্রুতি দিতে হবে যে, তারা সৌদি আরবের মক্কা-মদিনায় গিয়ে ভিক্ষা করবে না।
পাকিস্তানের ধর্ম মন্ত্রণালয় জানিয়েছে, তারা এমন একটি ব্যবস্থা নিয়েছেন, যাতে করে পাকিস্তানি নাগরিকরা ওমরাহ বা হজ পালন করতে গিয়ে ভিক্ষাবৃত্তিতে জড়িয়ে পড়বে না বলে নিশ্চিত করা হবে।
এরিমধ্যে, পাকিস্তান সরকার চার হাজার ৩০০ ভিক্ষুককে ‘এক্সিট কন্ট্রোল’ লিস্টে পাঠিয়েছে এবং এই বিষয়ে তারা একটি ‘জিরো টলারেন্স’ নীতি গ্রহণ করেছে। এর মানে, যারা ভিক্ষাবৃত্তির উদ্দেশ্যে সৌদি আরব যেতে চায়, তাদের যেতে দেওয়া হবে না। বিমানবন্দরেই তাদেরকে আটকে দেয়া হবে।
পাকিস্তানের ধর্ম মন্ত্রণালয় জানিয়েছে, মুচরেকা দেয়ার পরও যদি তাদের কোন নাগরিক মক্কা-মদিনায় ভিক্ষা করে তাহলে সংশ্লিষ্ট ব্রক্তির বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেয়া হবে। তবে কি ধরনের ব্যবস্থা নেয়া হবে, তা নিয়ে বিস্তারিত কিছু জানায়নি দেশটির সরকার।
উল্লেখ্য, এর আগে সৌদি আরব পাকিস্তান সরকারকে জানিয়েছিল কোনো পাকিস্তানি নাগরিক যদি সে ভিক্ষা করার উদ্দেশে সৌদি আরবে আসেন তবে আর তারা হজ বা ওমরাহ করার জন্য ভিসা প্রদান করবে না।