মাইনাস ২০ ডিগ্রিতে নামতে পারে যুক্তরাজ্যের তাপমাত্রা

খুব দ্রুত তাপমাত্রা কমে ভয়াবহ শীতের কবলে পড়তে পারে যুক্তরাজ্য। দেশের ইংল্যান্ড, ওয়েলস, স্কটল্যান্ড ও নর্দার্ন আয়ারল্যান্ডে তাপমাত্রা নেমে আসতে পারে মাইনাস ২০ ডিগ্রিতে।

সেই সাথে ভারী তুষারপাত ও বন্যা হওয়ার সম্ভাবনাও দেখছেন ব্রিটিশ আবহাওয়াবিদরা।

দেশটির আবহাওয়া অফিস এই বিপর্যয়কে ‘অ্যাম্বার ঠান্ডা’ নামে অভিহিত করে নতুন সতর্কতা জারি করেছে। বিশেষ করে ইংল্যান্ডজুড়ে ৭৯টি বন্যা সতর্কতাসহ ১৫০টি বন্যা সতর্কতা জারি করা হয়েছে। এই সতর্কতা আগামী রোববার পর্যন্ত জারি থাকবে।

uk-weather1

যুক্তরাজ্যের স্বাস্থ্য সুরক্ষা সংস্থার (ইউকেএইচএসএ) জারি করা সতর্কতায় বলা হয়েছে, হিমাঙ্কের কারণে মৃত্যুর সংখ্যা বাড়তে পারে। বয়স্ক এবং দুর্বল ব্যক্তিদের স্বাস্থ্যসেবার চাহিদাও বাড়ার সম্ভাবনা আছে।

আবহাওয়া অফিস ও স্বাস্থ্যসেবা প্রদানকারীদের আগাম সতর্কতা দিয়ে উচ্চঝুঁকিতে থাকা ব্যক্তিদের সক্রিয়ভাবে পর্যবেক্ষণ করার মতো পদক্ষেপের পরামর্শ দিয়েছে ইউকেএইচএসএ।

ইউকেএইচএসএ’র চিকিৎসক ডা. অ্যাগোস্টিনহো সুসা বলেছেন, এ পরিস্থিতি প্রত্যেকের বন্ধু, পরিবার এবং প্রতিবেশীদের খোঁজ নিতে হবে। অধিক ঠাণ্ডার কারণে হার্ট অ্যাটাক, স্ট্রোক ও বুকে সংক্রমণের ঝুঁকি বেশি হতে পারে।

uk-weather3

বুধবার স্কটল্যান্ডের টুলোচ ব্রিজে রাতের সর্বনিম্ন তাপমাত্রা ছিলো মাইনাস ৭ ডিগ্রি সেলসিয়াস। উত্তর আয়ারল্যান্ডের কেটসব্রিজে মাইনাস ৬.৯ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা রেকর্ড করা হয়।

এছাড়া ইংল্যান্ড কামব্রিয়ার শাপে তাপমাত্রা ছিলো মাইনাস ৮.৪ ডিগ্রি সেলসিয়াস। দক্ষিণ ইংল্যান্ডেও অক্সফোর্ডশায়ারের বেনসনে মাইনাস ছিলো ৬.১ ডিগ্রি সেলসিয়াস।