আফগান আকাশসীমা বন্ধ, বিমানবন্দরে ফাঁকা গুলি

বার্তা সংস্থা এএফপি জানিয়েছে, আফগানিস্তান ছাড়ার জন্য হাজার হাজার মানুষ বিমানবন্দরের একটি ফ্লাইটে ওঠার চেষ্টা করলে ফাঁকা গুলি করেছে মার্কিন সেনারা।

বার্তা সংস্থা রয়টার্স একজন কর্মকর্তাকে উদ্ধৃত করে বলছে, ‘জনতা নিয়ন্ত্রণের বাইরে চলে গেছে। বিশৃঙ্খলা নিয়ন্ত্রণে আনতেই ফাঁকা গুলি করা হয়েছে।’

সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়া অনেকগুলো ভিডিওতে গুলির শব্দ শোনা যাচ্ছে। অনেকগুলো ভিডিও ফুটেজে দেখা যাচ্ছে যে, মানুষজন রানওয়ের দিকে দৌড়ে বিমানে ওঠার চেষ্টা করছে।

এই বিমানবন্দর নিয়ন্ত্রণ করছে মার্কিন সৈন্যরা। বিবিসি জানায়, যুক্তরাষ্ট্রের বিমানগুলোয় কূটনৈতিক কর্মীদের আগে সরিয়ে নিতে অগ্রাধিকার দেয়া হচ্ছে, যা বিশৃঙ্খলা আর বিভ্রান্তি আরও বাড়িয়ে দিয়েছে।

আরও পড়ুন: কাবুল কারাগার থেকে পালিয়েছেন তিন বাংলাদেশি

এদিকে এনডিটিভির বরাতে জানা যায় সোমবার (১৬ আগস্ট) সকালে আফগানিস্তান উড়োজাহাজ কর্তৃপক্ষ জানিয়েছে তাদের আকাশসীমা আপাতত বন্ধ ঘোষণা করা হয়েছে। এমনটা জানার পরই আফগানিস্তানগামী নানা দেশের এয়ারলাইন্স তাদের ফ্লাইট বাতিল করেছে। এতে আটকেপড়া বিদেশিদের ফিরিয়ে আনার বিষয়টি পড়েছে অনিশ্চয়তায়। ভারতীয় এয়ার ইন্ডিয়াকে এক সূত্র নিশ্চিত করেছে এ খবর। এতে করে এয়ার ইন্ডিয়ার ফ্লাইট কাবুলে আটকেপড়া ভারতীয়দের আনতে যেতে পারছে না।


একাত্তর/এআর