কাবুল বিমানবন্দরে নিহত ৫

কাবুল বিমানবন্দরে দেশ ছাড়তে ভিড় করেছেন হাজারো আফগানদের। তালেবান আফগানিস্তানের রাজধানী কাবুল দখলের পর দেশত্যাগ করতে শহরটির বিমানবন্দরের দিকে পঙ্গপালের মোট ছুটছে সাধারণ মানুষ। 

এমন পরিস্থিতিতে বিমানবন্দরে কমপক্ষে পাঁচজন নিহত হয়েছেন বলে নিশ্চিত করেছে বার্তা সংস্থা রয়টার্সের। তবে কীভাবে তারা মারা গেছেন তা প্রাথমিকভাবে নিশ্চিত হওয়া যায়নি।

আরও পড়ুন:  আফগান যুদ্ধের সমাপ্তি ঘোষণা করলো তালেবান

আজ সোমবার প্রত্যক্ষদর্শীদের বরাত দিয়ে এ তথ্য নিশ্চিত করে বার্তা সংস্থা রয়টার্স।

কাবুলের হামিদ কারজাই আন্তর্জাতিক বিমানবন্দর থেকে পাঁচজনের মরদেহ একটি গাড়িতে তোলা হয়েছে বলে একজন প্রত্যক্ষদর্শী নিশ্চিত করেছেন। তবে গোলাগুলিতে, নাকি হুড়োহুড়িতে পদপিষ্ট হয়ে তাঁদের মৃত্যু হয়েছে, বিষয়টি পরিষ্কার নয় বলে জানিয়েছেন অপর একজন। মৃত্যুর বিষয়টি নিশ্চিত করতে তাৎক্ষণিকভাবে সংশ্লিষ্ট কারও মন্তব্যও পায়নি রয়টার্স।

এদিকে বার্তা সংস্থা এএফপি জানিয়েছে, আফগানিস্তান ছাড়ার জন্য হাজার হাজার মানুষ বিমানবন্দরের একটি ফ্লাইটে ওঠার চেষ্টা করলে ফাঁকা গুলি করেছে মার্কিন সেনারা।

বার্তা সংস্থা রয়টার্স একজন কর্মকর্তাকে উদ্ধৃত করে বলছে, ‘জনতা নিয়ন্ত্রণের বাইরে চলে গেছে। বিশৃঙ্খলা নিয়ন্ত্রণে আনতেই ফাঁকা গুলি করা হয়েছে।’

সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়া অনেকগুলো ভিডিওতে গুলির শব্দ শোনা যাচ্ছে। অনেকগুলো ভিডিও ফুটেজে দেখা যাচ্ছে যে, মানুষজন রানওয়ের দিকে দৌড়ে বিমানে ওঠার চেষ্টা করছে।

এই বিমানবন্দর নিয়ন্ত্রণ করছে মার্কিন সৈন্যরা। বিবিসি জানায়, যুক্তরাষ্ট্রের বিমানগুলোয় কূটনৈতিক কর্মীদের আগে সরিয়ে নিতে অগ্রাধিকার দেয়া হচ্ছে, যা বিশৃঙ্খলা আর বিভ্রান্তি আরও বাড়িয়ে দিয়েছে।



একাত্তর/এআর