ভারতের বিরুদ্ধে প্ররোচনামূলক খববর প্রচারের অভিযোগে ১৬টি পাকিস্তানি ইউটিউব চ্যানেলকে নিষিদ্ধ ঘোষণা করা হয়েছে। ভারত থেকে দেখা যাচ্ছে না শোয়েব আকতারের ইউটিউব চ্যানেলও।
রাওয়ালপিণ্ডি এক্সপ্রেস নামে পরিচিত প্রাক্তন পাক পেসারের ইউটিউবের নাম 'শোয়েব আকতার ১০০ এমপিএইচ'। ৩৮ লাখের কাছাকাছি তার ফলোয়ার।
পাকিস্তান ক্রিকেটের সমালোচনা করার কারণে অসংখ্য ভারতীয় ক্রিকেটপ্রেমীও এই চ্যানেল দেখেন। সোমবার সকাল থেকে ভারতে আর দেখা যাচ্ছে না শোয়েব আকতারের ইউটিউব চ্যানেল।
রাওয়ালপিণ্ডি এক্সপ্রেসের ইউটিউব চ্যানেলে ক্রিকেট নিয়ে গভীর আলোচনা হয়। ক্রিকেটের চুলচেরা বিশ্লেষণ হয়। শোয়েবের চ্যানেলটি পাকিস্তানের মতো ভারতেও সমান জনপ্রিয়।
শোয়েবের ইউটিউব চ্যানেল দেখার জন্য ঢুকতে গেলে ভেসে আসছে, জাতীয় নিরাপত্তা বা জনশৃঙ্খলা সম্পর্কিত সরকারের নির্দেশের জন্য এই ইউটিউবের কন্টেন্ট বর্তমানে এদেশ থেকে দেখা যাচ্ছে না।