ভারত ও পাকিস্তানের মধ্যে চলমান সংঘাতকে ভয়াবহ উল্লেখ করে তা অবিলম্বে বন্ধের আহ্বান জানিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। হোয়াইট হাউসে এক বক্তব্যে ট্রাম্প বলেন, দুই দেশের সঙ্গেই ভালো সম্পর্ক আছে তার। চলমান উত্তেজনা নিরসনে প্রয়োজনে সহায়তা করার ইচ্ছা আছে বলেও জানান মার্কিন প্রেসিডেন্ট।
তিনি বলেন, ভারত-পাকিস্তান পাল্টাপাল্টি হামলা চালাচ্ছে। অন্তত এখন তারা থামবে বলে আশা করছি। উভয় দেশের সঙ্গেই আমাদের ভালো সম্পর্ক রয়েছে। আমি চাই, এটা সংঘাত বন্ধ হোক। আমি যদি কোনোভাবে সাহায্য করতে পারি, তাহলে অবশ্যই করব।
মঙ্গলবার দিবাগত রাতে পাকিস্তানের বিভিন্ন এলাকায় হামলা চালায় ভারতীয় সেনাবাহিনী। এসব হামলায় এখন পর্যন্ত ৩১ জন নিহত ও ৫৭ জন আহত হয়েছেন বলে জানিয়েছে পাকিস্তান। হামলার পর থেকে সীমান্তে পাকিস্তানি বাহিনীর গোলাবর্ষণে ১৫ বেসামরিক নাগরিক নিহত ও ৪৩ জন আহত হয়েছেন বলে জানিয়েছে ভারতের সেনাবাহিনী। গোলার আঘাতে ভারতীয় এক সেনাও নিহত হয়েছেন।
ভারতের হামলার পরপর এ ঘটনাকে ‘হতাশাজনক’ বলে মন্তব্য করেছিলেন ডোনাল্ড ট্রাম্প। দুই দেশের মধ্যে চলমান সংকট প্রসঙ্গে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন। এ সময় তিনি বলেন, এটা হতাশার। ওভাল অফিসের দরজা দিয়ে হেঁটে যাওয়ার সময় আমরা এ খবর শুনেছি।
তিনি আরও বলেন, আমার মনে হয়, অতীতের ইতিহাসের ভিত্তিতে মানুষ বুঝতে পেরেছিল যে কিছু একটা ঘটতে যাচ্ছে। তারা (ভারত-পাকিস্তান) দীর্ঘদিন ধরে লড়াই করছে।
এদিকে মধ্যপ্রাচ্যের প্রভাবশালী দেশ ইরানও এই উত্তেজনা নিরসনে এগিয়ে এসেছে। ইরানের উপপররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাগচি ভারতের রাজধানী নয়াদিল্লিতে পৌঁছেছেন। ইরানি সংবাদমাধ্যমের বরাতে আল–জাজিরা খবরটি নিশ্চিত করেছে। এ সপ্তাহের শুরুতে আরাগচি পাকিস্তান সফর করেন।
দুই দেশের পররাষ্ট্রবিষয়ক নীতিনির্ধারকদের সঙ্গে আলোচনা শেষে ইরান জানিয়েছে, ভারত ও পাকিস্তানের মধ্যে উত্তেজনা নিরসনে মধ্যস্থতা করতে প্রস্তুত তারা। দু’দেশের সঙ্গেই ইতিবাচক সম্পর্ক রাখবে তেহরান।