নতুন পোপ নির্বাচিত হবেন যেভাবে

ক্যাথলিক খ্রিষ্টানদের প্রধান ধর্মগুরু পোপ ফ্রান্সিসের মৃত্যুর পর, নতুন পোপ নির্বাচন নিয়ে চলছে জোর প্রস্তুতি। শত বছরের ক্যাথলিক রীতি মেনেই নির্বাচিত হবেন নতুন পোপ। প্রক্রিয়াটি বেশ জটিল এবং সময়সাপেক্ষ।

সেন্ট পিটারের জীবন্ত উত্তরসূরি হিসেবে বিবেচিত হন পোপ। ক্যাথলিক খ্রিষ্টানদের বিশ্বাস, যিশু খ্রিষ্টের বংশধারার সরাসরি প্রতিনিধিত্ব করেন পোপ। আর তাই ক্যাথলিকদের প্রধান ধর্মগুরু তিনি।

সম্প্রতি ৮৮ বছর বয়সে মারা যান পোপ ফ্রান্সিস। ফলে প্রস্তুতি চলছে নতুন পোপ নির্বাচনের। নির্বাচন প্রক্রিয়ার শুরুতেই ভ্যাটিকানে ডাকা হয় কার্ডিনালদের সম্মেলন। তারপর অনুষ্ঠিত হয় কনক্লেভ যেখানে হয় পোপ নির্বাচন।

পোপের নির্বাচন ভোট অনুষ্ঠিত হয় বিখ্যাত সিস্টিন চ্যাপেলের ভিতরে। কঠোর গোপনীয়তার সাথে সেখানে কার্ডিনালরা তাদের পছন্দের প্রার্থীকে ভোট দেন।

ক্যাথলিক চার্চের শীর্ষ ধর্মযাজকরা কলেজ অব কার্ডিনালস হিসেবে পরিচিত। তারাই ভোট দিয়ে নির্বাচিত করেন নতুন পোপ। এবার পোপ নির্বাচনে অংশ নিচ্ছেন ১৩৩ জন।

৮০ বছরের ঊর্ধ্বে যারা আছেন তারা সরাসরি নির্বাচনে অংশ নিতে পারবেন না তবে পোপ হিসেবে কাকে নির্বাচিত করা উচিত সেই বিতর্কে অংশ নিয়ে তারা মতামত জানাতে পারবেন।

নতুন পোপ নির্বাচনের এই প্রক্রিয়ায় বেশ কয়েক দিন সময় লেগে যেতে পারে। এক সপ্তাহ থেকে শুরু করে এক মাস ধরেও কখনও কখনও ভোট চলে।

pope1

পোপের মৃত্যুর পর থেকে নতুন পোপ নির্বাচিত হবার আগে পর্যন্ত সময়ে গির্জার যাবতীয় কর্মকাণ্ড পরিচালনার দায়িত্বে থাকে কলেজ অব কার্ডিনালস।

নতুন পোপ নির্বাচনের অগ্রগতি বুঝতে আশ্রয় নেয়া হয় ধোঁয়ার। ভোট শেষে নির্দিষ্ট চুল্লিতে ব্যাল্ট পেপার পুড়িয়ে দেয়া হয়। সেই ধোঁয়া দেখেই বোঝা যায় পোপ নির্বাচিত হলেন কিনা।

কালো ধোঁয়ার অর্থ হলো পোপ নির্বাচিত হননি আর সাদা ধোঁয়া দেখলে বোঝা যায় নতুন পোপ নির্বাচিত হয়েছেন। আর এখন সেই সাদা ধোঁয়ার অপেক্ষাতেই আছেন সারা বিশ্বের ক্যাথলিক খ্রিস্টানরা।