গাজায় অবস্থিত হামাস নিয়ন্ত্রিত অঞ্চলে বোমা হামলা চালিয়েছে ইসরাইল। মঙ্গলবার (২৪ আগস্ট) ইসরাইলের সামরিক বাহিনী জানিয়েছে, গাজা থেকে আগ্নেয় বেলুন হামলার জবাবে এ বোমা হামলা চালিয়েছে তারা। এখন পর্যন্ত এ হামলায় হতাহতের কোন খবর পাওয়া যায়নি।
ইসরাইলের দাবি, হামলার স্থানটি ছিল খান ইউনিসে অবস্থিত হামাস নিয়ন্ত্রিত একটি অস্ত্র উৎপাদন কারখানা। এছাড়াও, বেসামরিক বাড়িঘর ও একটি স্কুলের পাশে অবস্থিত রকেট নিক্ষেপের স্থানকে লক্ষ্য করেও বোমা হামলা করা হয়।
গত মে মাসে ইসরাইল ও ফিলিস্তিনের মধ্যকার ১১ দিনের যুদ্ধে আড়াইশো'র বেশি ফিলিস্তিনি ও ১৩ ইসরাইলি নিহত হন। এরপর বিভিন্ন আন্তর্জাতিক চাপের মুখে যুদ্ধের সাময়িক বিরতি ঘটলেও, তার পর থেকেই দুই দেশের মধ্যে থেমে থেমে পাল্টাপাল্টি আক্রমণ চলছে।
আরও পড়ুন: কাবুল ছাড়তে আমেরিকাকে কড়া হুশিয়ারী দিলো তালেবান
ফিলিস্তিনি বাহিনী জানিয়েছে, গাজার ওপর আরোপিত নিষেধাজ্ঞা তুলে নিয়ে ওই এলাকায় ত্রাণ সহায়তা পৌঁছানো সম্ভব করতেই ইসরাইলকে চাপ প্রয়োগ করতে চায় তারা।
এদিকে, ইসরাইলের দাবি, হামাসের কার্যক্রম নিয়ন্ত্রণ করতেই গাজায় কঠোর নিষেধাজ্ঞা বজায় রাখছে তারা।
সোমবার (২৩ আগস্ট) গাজা সীমান্তে ফিলিস্তিনি বাহিনী আগুন বেলুন হামলা চালায় বলে জানিয়েছে ইসরাইল।
এর আগে গত শনিবার (২১ আগস্ট) গাজা সীমান্তে ইসরাইল বিরোধী বিক্ষোভ প্রদর্শন করে ফিলিস্তিনের অধিবাসীরা। সেখানে ইসরাইলি বাহিনীর গুলিতে অন্তত ৪১ জন আহত হন।