১ আগস্ট থেকে তামা আমদানির ওপর ৫০ শতাংশ শুল্ক ঘোষণা করেছেন আমেরিকার প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। পাশাপাশি ব্রাজিল থেকে আমদানির ওপর আরো ৫০ শতাংশ শুল্ক চাপানোর সিদ্ধান্ত নিয়েছেন তিনি।
বুধবার (৯ জুলাই) হোয়াইট হাউসে এই ঘোষণা করেছেন ট্রাম্প।
এদিন ট্রাম্প বলেছেন, জাতীয় নিরাপত্তার মূল্যায়নের পরেই এই সিদ্ধান্ত নিয়েছেন তিনি।
বস্তুত, বাণিজ্য সংক্রান্ত জাতীয় নিরাপত্তার ২৩২ নম্বর ধারায় তামার ওপর একটি মূল্যায়ন চলছে আমেরিকার। সেই বিষয়টিই এদিন উল্লেখ করেছেন ট্রাম্প।
ডয়চে ভেলের খবরে বলা হয়েছে, ২০২৪-২৫ সালে ভারত গোটা বিশ্বে ২ বিলিয়ন মার্কিন ডলারের তামা এবং তামাজাত দ্রব্য রপ্তানি করেছে। এর মধ্যে শুধুমাত্র আমেরিকাতেই রপ্তানি করা হয়েছে ৩৬০ মিলিয়ন ডলার মূল্যের তামা। ফলে ট্রাম্পের এই ঘোষণা ভারতকে বড় সমস্যার মুখে ফেলবে বলেই মনে করছেন বিশেষজ্ঞরা।
তবে তার চেয়েও বড় সমস্যা হতে চলেছে ওষুধ নিয়ে। ট্রাম্প জানিয়েছেন, এরপর ওষুধের ওপর ২০০ শতাংশ পর্যন্ত শুল্ক বসতে পারে। ওষুধ নিয়ে ভারতের সঙ্গে আমেরিকার বড় বাণিজ্য সম্পর্ক। ফলে আমেরিকা এই শুল্ক ধার্য করলে ভয়াবহ সমস্যায় পড়বে ভারতের ওষুধ বাজার।