যুক্তরাষ্ট্রের কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থা সিআইএ প্রধান উইলিয়াম বার্নসের সাথে তালেবান নেতা আবদুল গনি বেরাদরের গোপনে বৈঠক করার কথা দাবি করেছে যুক্তরাষ্ট্রের গণমাধ্যম।
সোমবার (২৩ আগস্ট) কাবুলে এ বৈঠক অনুষ্ঠিত হয়েছে বলে দাবি করেছে তারা।
নিউ ইয়র্ক টাইমস, ওয়াশিংটন পোস্ট এবং অ্যাসোসিয়েটেড প্রেস দাবি করছে, তাদের কাছে এ বিষয়ে তথ্য দিয়েছে নির্ভরযোগ্য সূত্র। তবে এ নিয়ে এর চেয়ে বেশি কিছু প্রকাশ করেনি তারা।
তবে, ওয়াশিংটন পোস্ট বলছে, আফগানিস্তান থেকে মার্কিন নাগরিকদের সরিয়ে নেয়ার শেষ তারিখ নিয়ে আলোচনাই হতে পারে এই বৈঠকের মূল বিষয়।
যদি এ দাবি সত্য প্রমাণিত হয়, তাহলে এই বৈঠক হবে তালেবান কর্তৃক আফগানিস্তান দখলের পর যুক্তরাষ্ট্রের সাথে তাদের সবচেয়ে উচ্চ পর্যায়ের যোগাযোগ।
আরও পড়ুন: সরকার গঠনের পথে প্রথম পদক্ষেপ নিলো তালেবান
আবদুল গনি বেরাদর তালেবানের অন্যতম সহপ্রতিষ্ঠাতা। ২০১০ সালে যুক্তরাষ্ট্র ও পাকিস্তানের যৌথ অভিযানে ধরা পড়ার পর তিনি আট বছর কারাগারে ছিলেন।
সেখান থেকে ২০১৯ সালে ছাড়া পাওয়ার পর তিনি তালেবানের মুখ্য রাজনৈতিক নেতার দায়িত্ব পালন করে আসছেন।
কোন মার্কিন প্রেসিডেন্টের সাথে সরাসরি কথা বলা তালেবান নেতাও তিনি। ২০২০ সালে ডোনাল্ড ট্রাম্পের সাথে ফোনালাপে যোগাযোগ হয় তার।
এদিকে, মঙ্গলবার (২৪ আগস্ট) তালেবান গোষ্ঠী জানিয়ে দিয়েছে, আর কোন আফগান নাগরিককে আফগানিস্তান থেকে বের হতে দেয়া হবে না। সেই সাথে বিদেশিদের সরিয়ে নেয়ার সময়ও বাড়ানো হবে না।
মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেনও জানিয়ে দিয়েছেন, ৩১ আগস্টের মধ্যেই মার্কিনীদের সরিয়ে নেয়ার প্রক্রিয়া সম্পন্ন করা হবে।
একাত্তর/এসজে