রাশিয়ায় শক্তিশালী ভূমিকম্পের পর সুনামির আঘাত, একাধিক দেশে সতর্কতা

রাশিয়ার পূর্ব উপকূলীয় এলাকায় শক্তিশালী ভূমিকম্প আঘাত হেনেছে। রিখটার স্কেলে এই কম্পনের মাত্রা ছিলো ৮ দশমিক ৮। এরপর রাশিয়াসহ একাধিক দেশে সুনামি সতর্কতা জারি করা হয়েছে। 

মার্কিন ভূতাত্ত্বিক জরিপ সংস্থা ইউএসজিএস বলছে, বুধবার (৩০ জুলাই) স্থানীয় সময় আজ সকাল ৮টা ২৫ মিনিটে দেশটির পূর্ব উপকূলীয় এলাকায় ৮ দশমিক ৮ মাত্রার ভূকম্পন অনুভূত হয়। 

রুশ সংবাদমাধ্যম আরটি জানিয়েছে, শক্তিশালী ভূমিকম্পটি আঘাত হানার পর রাশিয়ার দূরপ্রাচ্যের কামচাটকা অঞ্চলে প্রায় চার মিটার উচ্চতার জলোচ্ছ্বাস দেখা যায়। তাৎক্ষণিকভাবে কোনো প্রাণহানি বা বড় ধরনের ক্ষয়ক্ষতির খবর পাওয়া যায়নি। তবে সেখানকার বাসিন্দাদের নিরাপদ স্থানে সরিয়ে নেয়া হয়েছে।

কামচাটকার গভর্নর ভ্লাদিমির সোলোদভ এক ভিডিও বার্তায় বলেছেন, আজকের ভূমিকম্পটি ছিলো কয়েক দশকের মধ্যে সবচেয়ে শক্তিশালী ভূমিকম্প।

কামচাটকার কিছু অংশে ১০ থেকে ১৩ ফুট উচ্চতার সুনামি রেকর্ড করার পর জরুরি পরিস্থিতি বিষয়ক আঞ্চলিক মন্ত্রী সের্গেই লেবেদেভ জনগণকে উপকূলরেখা থেকে দূরে সরে যাওয়ার আহ্বান জানিয়েছেন।

russia

এদিকে শক্তিশালী এই ভূমিকম্পের পর জাপানে সুনামি আঘাত হেনেছে। দেশটির উত্তরাঞ্চলের হোক্কাইডোর হানাসাকি বন্দরে প্রথম ঢেউ আঘাত হানার খবর পাওয়া গেছে।

সংবাদমাধ্যম এনএইচকে ওয়ার্ল্ড জাপান এক প্রতিবেদনে জানায়, হোক্কাইডোতে ৩০ সেন্টিমিটার বা প্রায় ১ ফুট উচ্চতার জলোচ্ছ্বাস হয়েছে। জাপানের অন্যান্য এলাকাতেও সুনামি সতর্কতা জারি করা হয়েছে। 

জাপানের চিফ কেবিনেট সেক্রেটারি ইয়োশিমাসা হায়াশি জানান, এখন পর্যন্ত হতাহত কিংবা ক্ষয়ক্ষতির কোনো খবর পাওয়া যায়নি।

জাপানের পাশাপাশি সুনামি সতর্কতা জারি করা হয়েছে তাইওয়ান ও যুক্তরাষ্ট্রের হাওয়াই অঙ্গরাজ্যে।