তুরস্কে শক্তিশালী ভূমিকম্প, ধসে পড়েছে বহু ভবন

তুরস্কের বালিকেসির প্রদেশে শক্তিশালী ভূমিকম্প আঘাত হেনেছে। রিখটার স্কেলে এই কম্পনের মাত্রা ছিলো ৬ দশমিক ১। এতে এখন পর্যন্ত একজন নিহত ও অন্তত ২৯ জন আহত হয়েছেন।  

দেশটির দুর্যোগ ও জরুরি ব্যবস্থাপনা কর্তৃপক্ষ জানিয়েছে, স্থানীয় সময় রোববার সন্ধ্যা ৭টা ৫৩ মিনিটে তুরস্কের বৃহত্তম শহর ইস্তাম্বুলের নিকটবর্তী বালিকেসির প্রদেশে এ ভূমিকম্প হয়। এসময় একাধিক প্রদেশেও কম্পন অনুভূত হয়েছে বলে স্থানীয় গণমাধ্যম জানিয়েছে। 

কর্তৃপক্ষ বলছে, ভূমিকম্পটির কেন্দ্র ছিলো ভূপৃষ্ঠ থেকে ১১ কিলোমিটার গভীরে। 

জার্মান রিসার্চ সেন্টার ফর জিওসায়েন্সেস ভূমিকম্পটির মাত্রা ৬.১৯ এবং গভীরতা ১০ কিলোমিটার বলে উল্লেখ করেছে।

এদিকে ভূমিকম্পের কেন্দ্রস্থল বালিকেসির প্রদেশের সিনদিরগিতে বেশ কয়েকটি ভবন ধসে পড়েছে বলে খবর পাওয়া গেছে। 

স্থানীয় মেয়র সেরকান সাক জানিয়েছেন, শহরের কেন্দ্রে একটি তিনতলা ভবন ধসে পড়েছে, যেখানে ছয়জন বাসিন্দা ছিলেন। তিনতলা ভবনের ধ্বংসস্তূপ থেকে চারজনকে উদ্ধার করা হয়েছে। বাকি দুজনকে উদ্ধারের চেষ্টা চলছে। 

তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়্যেপ এরদোয়ান এক বিবৃতিতে ক্ষতিগ্রস্তদের দ্রুত সুস্থতা কামনা করেছেন। উদ্ধার কার্যক্রম সার্বক্ষণিক পর্যবেক্ষণ করা হচ্ছে বলেও জানান তিনি।