সিরিয়ায় ইসরাইলের বিমান হামলার অভিযোগ

ইসরাইলি বাহিনী সিরিয়ার রাজধানীর কাছে একটি স্থানে কয়েক দফা বোমা হামলার পর সেখানে রাতভর বিমান হামলা চালিয়েছে। এই হামলাকে ওই অঞ্চলে ইসরাইলের সামরিক অভিযানের নতুন ধাপ হিসেবে দেখা হচ্ছে। সিরিয়ার রাষ্ট্রীয় গণমাধ্যম এ তথ্য জানিয়েছে।

বার্তা সংস্থা এএফপির খবরে বলা হয়, ইসরাইল যদিও এই অভিযানের খবর নিশ্চিত করেনি, তবে দেশটির প্রতিরক্ষামন্ত্রী ইসরাইল কাৎজ এক বিবৃতিতে বলেছেন, দেশের নিরাপত্তা নিশ্চিত করার জন্য তাদের বাহিনী সব যুদ্ধক্ষেত্রে কাজ করছে।

গত ডিসেম্বরে সিরিয়ার নতুন সরকার ক্ষমতা গ্রহণের পর এই অভিযানকে ইসরাইলের সবচেয়ে বড় পদক্ষেপ হিসেবে দেখা হচ্ছে।

দেশটির রাষ্ট্রীয় টেলিভিশন এবং পররাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে, মঙ্গলবার দামেস্কের বাইরে কিসওয়ের কাছে ইসরাইল বিমান হামলা চালিয়ে ৬ সিরিয়ার সেনাকে হত্যা করেছে। বুধবার রাতে আবারও বোমা হামলা চালিয়েছে ইসরাইল।

কিসওয়ের বাসিন্দা ৫৪ বছর বয়সী মোহাম্মদ দামলাখি বৃহস্পতিবার গণমাধ্যমকে বলেন, বিমান এবং বিস্ফোরণের শব্দে তিনি ঘুম থেকে উঠেছেন এবং কাছাকাছি পাহাড়ে বোমা হামলা হতে দেখেছেন।