তথ্য প্রযুক্তি বিশাল বিনিয়োগ পেলো ভারত। গুগলের মূল কোম্পানি অ্যালফাবেট দক্ষিণ ভারতের অন্ধ্রপ্রদেশ রাজ্যে একটি এআই ডেটা হাব তৈরি করতে ১৫ বিলিয়ন ডলার বিনিয়োগ করবে। বন্দর নগরী বিশাখাপত্তমের এই স্থাপনাটি ১২টি দেশে বিস্তৃত গুগলের এআই সেন্টারের বিশ্বব্যাপী নেটওয়ার্কের অংশ হবে।
মঙ্গলবার রাজধানী দিল্লিতে এক অনুষ্ঠানে গুগল ক্লাউডের সিইও থমাস কুরিয়ান বলেন, বিনিয়োগটি আগামী পাঁচ বছরে দেওয়া হবে। তিনি আরও বলেন, এটি মার্কিন যুক্তরাষ্ট্রের বাইরে বিশ্বের যে কোনো স্থানে গুগলের সবচেয়ে বড়ো বিনিয়োগ। সেই দিক থেকে এটি অ্যালফাবেটের একটি দুঃসাহসিক বিনিয়োগ।
এই ঘোষণা এমন এক সময়ে এলো, যখন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প আমেরিকান কোম্পানিগুলোকে দেশীয় বিনিয়োগকে অগ্রাধিকার দেওয়ার জন্য অনুরোধ করছেন।
ভারত এআই ডেটা সেন্টারের জন্য একটি গুরুত্বপূর্ণ গন্তব্যস্থল হিসেবে আবির্ভূত হয়েছে। দেশটির কম ডেটা খরচ এবং দ্রুত বর্ধনশীল ইন্টারনেট ব্যবহারকারীর বিশাল বাজার এটিকে প্রযুক্তি জায়ান্টদের জন্য ক্লাউড এবং এআই সম্প্রসারণের কেন্দ্রস্থলে পরিণত করেছে।
অ্যালফাবেটের সিইও সুন্দর পিচাই বলেছেন, এই সুবিধা ভারতের উদ্যোক্তাদের এবং ব্যবহারকারীদের কাছে আমাদের নেতৃস্থানীয় প্রযুক্তি নিয়ে আসবে। পাশাপাশি এআই উদ্ভাবনকে ত্বরান্বিত করবে এবং দেশজুড়ে প্রবৃদ্ধি ত্বরান্বিত করবে। বড় ধরনের কর্মসংস্থান তৈরিতে এই বিনিয়োগ কাজ করবে।
অন্ধ্রপ্রদেশ সরকার জানিয়েছে, মঙ্গলবার প্রকল্পটি চূড়ান্ত করার জন্য একটি আনুষ্ঠানিক চুক্তি সই হবে। রাজ্যের প্রযুক্তিমন্ত্রী নারা লোকেশ বলেছেন, এটি আমাদের রাজ্যের ডিজিটাল ভবিষ্যৎ, উদ্ভাবন এবং বিশ্বব্যাপী অবস্থানের জন্য একটি বিশাল পদক্ষেপ।
এই প্রকল্পটিতে নবায়নযোগ্য শক্তি ব্যবস্থা এবং একটি সম্প্রসারিত ফাইবার-অপটিক নেটওয়ার্কের সাথে ক্লাউড এবং এআই অবকাঠামোকে একত্রিত করবে। ব্লুমবার্গ নিউজের মতে, এই প্রকল্পটি হবে ২০২৯ সালের মধ্যে ৬ গিগাওয়াট ডেটা সেন্টার বিকাশে অন্ধ্রপ্রদেশ সরকারের পরিকল্পনার অংশ।
ডেটা সেন্টার হল ভৌত সুবিধা যেখানে কম্পিউটিং এবং নেটওয়ার্কিং সরঞ্জাম থাকে; যা সংস্থাগুলো ডেটা সংগ্রহ, প্রক্রিয়াকরণ, সংরক্ষণ এবং বিতরণের জন্য ব্যবহার করে। এগুলোতে সার্ভার, স্টোরেজ সিস্টেম এবং রাউটার এবং ফায়ারওয়ালের মতো নেটওয়ার্ক সরঞ্জাম রয়েছে।
অন্ধ্র প্রদেশে, সরকার বিশ্বব্যাপী বিনিয়োগকারীদের আকৃষ্ট করার জন্য ভর্তুকিতে জমি ও বিদ্যুৎ সরবরাহ করছে।
বিশ্বব্যাপী পেশাদার পরিষেবা সংস্থা জেএলএলের ইন্ডিয়া ডেটা সেন্টার মার্কেট ডায়নামিক্স ২০২৪ রিপোর্ট অনুসারে, ভারতের ডেটা সেন্টার শিল্প গত পাঁচ বছরে দ্রুত বৃদ্ধি পেয়েছে, ২০২৪ সালে ১ গিগাওয়াট ক্ষমতার সীমা অতিক্রম করেছে এবং ২০১৯ সালে এর স্তর প্রায় তিনগুণ বেড়েছে।