আফগান হামলার কড়া জবাব দেবে পাকিস্তান, মত বিশেষজ্ঞদের

সম্প্রতি পাকিস্তানে আফগানিস্তানের হামলায় হতাহতের সংখ্যাকে উপেক্ষা করতে পারছে না পাক কর্তৃপক্ষ। তাই আফগানিস্তানের সাথে সম্পর্ক নিয়ে নতুন তত্ত্ব প্রতিষ্ঠার চেষ্টা করছে পাকিস্তান। এমন মত বিশেষজ্ঞদের। তারা বলছেন, পাকিস্তান সিদ্ধান্ত নিয়েছে, যে কোনো হামলার কঠিন ফলাফল ভোগ করতে হবে আফগানিস্তানকে। 

চলতি বছরের প্রথম তিন মাসে পাকিস্তানের নিরাপত্তা কর্মীদের মৃত্যুর সংখ্যা প্রায় আড়াই হাজার বলে জানিয়েছে ইসলামাবাদ-ভিত্তিক থিঙ্ক ট্যাঙ্ক, সেন্টার ফর রিসার্চ অ্যান্ড সিকিউরিটি স্টাডিজ। গত ১০ বছরে এই সংখ্যা সবচেয়ে বেশি। 

সিঙ্গাপুরের এস রাজারত্নম স্কুল অফ ইন্টারন্যাশনাল স্টাডিজের রিসার্চ ফেলো আব্দুল বাসিত বলেন, ভবিষ্যতে বিশ্ব রাজনীতি এমন জায়গায় যাবে, যেখানে নেতৃত্বে থাকবে তালেবান এবং পাকিস্তান উভয়ের সাথেই শক্তিশালী সম্পর্ক রয়েছে এমন দেশগুলো, যেমন উপসাগরীয় দেশগুলো বা চীন।

তিনি আরও বলেন, সংলাপের জন্য জন্য তৃতীয় কোনো দেশে বৈঠক করবে ইসলামাবাদ ও কাবুল। উত্তেজনা ক্রমশই বাড়বে। এমনকি সীমান্তেও যুদ্ধের সম্ভাবনা উড়িয়ে দেয়া যায় না বলেও জানান তিনি। 

বাসিত বলেন, যে ইসলামাবাদ এমন একটি নিউ নরমাল পরিস্থিতি সংজ্ঞায়িত করার চেষ্টা করছে যে, যে কোনো হামলা তা টিটিপি বা অন্য কোনো গোষ্ঠীই করুক, তার মূল্য দিতে হবে কাবুলকেই।

অর্থাৎ আফগানিস্তান থেকে আসা যে কোনো হামলার প্রতিক্রিয়া হবে একইরকম ভয়াবহ। পাকিস্তান ইঙ্গিত দিচ্ছে যে আফগান তালেবানরা পাকিস্তানে হামলা করছে। তাই তারা বৈধ লক্ষ্যবস্তু।

এই বিশ্লেষক আরও বলেন, এপ্রিলে ভারত-শাসিত কাশ্মীরে হামলার পর ইসলামাবাদের বিরুদ্ধে নয়াদিল্লি যেভাবে পাকিস্তানের বিরুদ্ধে অবস্থান নিয়েছিলো, তার সাথে মিল আছে পাকিস্তানের এখনকার অবস্থার। তবে একটি গুরুত্বপূর্ণ পার্থক্যও আছে। আফগানিস্তান-পাকিস্তানের সংঘর্ষে দুপক্ষেরই হতাহত আছে। তবে ভারত-পাকিস্তানের মধ্যে দুপক্ষের মধ্যে সামরিক অসামঞ্জস্যতা ছিলো।

এ প্রসঙ্গে পেশোয়ার বিশ্ববিদ্যালয়ের রাষ্ট্রবিজ্ঞানের সহকারী অধ্যাপক আমের রাজা বলেন, আফগানিস্তানের প্রতি পাকিস্তানের নীতি নির্ধারকদের ধৈর্য্য ক্রমেই কমে আসছে। 

এর আগে, পাকিস্তান সীমান্তে হামলা চালিয়ে দেশটির ৫৮ সেনাকে হত্যা ও ৩০ জনকে আহত করার দাবি করে আফগানিস্তান। তবে পাকিস্তানের পক্ষ থেকে তাদের ২৩ জন সেনা নিহত হয়েছে বলে দাবি করা হয়। 

এ হামলার জবাবে পাল্টা হামলায় ২০০ তালেবান সেনাকে হত্যা ও আফগানিস্তানের ১৯টি সীমান্ত পোস্ট দখলে নেয়ার দাবি করেছে পাকিস্তান সেনাবাহিনী। পাশাপাশি দেশটি আফগানিস্তানের সঙ্গে নিজেদের সব সীমান্ত বন্ধ করে দেয়।