নিউইয়র্ক সিটিতে ইতিহাস গড়ে ১১১তম মেয়র হয়েছেন ডেমোক্র্যাট প্রার্থী জোহরান মামদানি। নিউইয়র্ক সিটির ইতিহাসে তিনি প্রথম মুসলিম মেয়র। ৩৪ বছর বয়সী মামদানি প্রায় ৫০ শতাংশ ভোট পেয়ে প্রাক্তন গভর্নর স্বতন্ত্র প্রার্থী অ্যান্ড্রু কুমো এবং রিপাবলিকান কার্টিস স্লিভাকে পরাজিত করেছেন।
এরইমধ্যে পরাজয় স্বীকার করে নিয়েছেন এন্ড্রু কুমো। আর, এরই মধ্যে মামদানিকে অভিনন্দন জানিয়েছেন, হিলারি ক্লিনটন, বারাক ওবামা, বার্নি স্যান্ডার্সের মত ডাকসাইটে ডেমোক্র্যাট নেতারা। তবে মন খারাপ প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের। মামদানিকে ঠেকাতে শুরু থেকেই সোচ্চার ছিলেন তিনি।
নির্বাচিত হয়েই সমর্থকদের সামনে আসেন গেলো একশ’ বছরের মধ্যে সর্বকনিষ্ঠ মেয়র মামদানি। সবাইকে ধন্যবাদ জানিয়ে নতুন দিনের ডাক দিলেন যুক্তরাষ্ট্রের সবচেয়ে বড় শহরের নবনির্বাচিত মেয়র। একই সঙ্গে তিনি জানান, এই জয়ের মাধ্যমেই রচিত হতে পারে আগামী নির্বাচনে ট্রাম্পকে হারানোর পথরেখা।
জোহরান মামদানি বলেন, এই সন্ধ্যায় নতুন দিনের সূর্য উঠেছে আমাদের শহরে। আমি দেখছি, নতুন একটা ভোর। মানবিকতার বিজয়। আজ নিউইয়র্কের মধ্যবিত্তরা ধনীদের বুঝিয়ে দিয়েছে, তারাই শুধু ক্ষমতাবান হতে পারবেন না। এই পরিশ্রমী হাতগুলোতেও ক্ষমতা আসতে পারে। আর আমাদের হাতেই এখন ভবিষ্যৎ। রাজনীতির ধারণাই আমরা বদলে দেবো।
মঙ্গলবারের বিজয় মঞ্চ থেকে নিউইয়র্কের নব-নির্বাচিত মেয়র জোহরান মামদানি আরও বলেন, তার সুস্পষ্ট বিজয় মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে ‘হারানোর’ পথ দেখিয়ে দিয়েছে। যদি কেউ দেখাতে পারে যে কীভাবে ট্রাম্পের হাতে প্রতারণার শিকার হওয়া একটি জাতিকে মুক্ত করা যায়, তবে সেটা এই শহরই (নিউইয়র্ক) দেখাবে, যেখান থেকে ট্রাম্পের উত্থান। এই রাজনৈতিক অন্ধকারে নিউইয়র্কই আলোর উৎস।
৩০ মিনিটেরও কম সময়ের এই বক্তৃতায় মামদানি সরাসরি মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে সম্বোধন করে বলেন, ডোনাল্ড ট্রাম্প, যেহেতু আমি জানি আপনি দেখছেন, তাই আপনার জন্য আমার চারটি কথা আছে- শব্দের আওয়াজ বাড়ান। আমাদের কারও কাছে পৌঁছাতে হলে, আপনাকে আমাদের সকলের মধ্য দিয়ে যেতে হবে। যদি ট্রাম্পেকে কিভাবে পরাজিত করতে হয় তা কেউ দেখাতে পারে, তবে এই শহরটিই তাকে জন্ম দিয়েছে। আমি দুর্নীতির অবসান ঘটাব যা ট্রাম্পের মতো ধনীদের কর ছাড়ের সুযোগ করে দিয়েছে।
ইতিমধ্যে ৩৪ বছর বয়সী এই আইনপ্রণেতা মামদানি প্রধান প্রতিদ্বন্দ্বী অ্যান্ড্রু কুমোকে শুভেচ্ছা ও ধন্যবাদ জানিয়েছেন। তিনি বলেন, কিন্তু আজ রাতটিই হোক শেষবারের মতো আমি তার নাম উচ্চারণ করছি, কারণ আমরা এমন একটি রাজনীতি ত্যাগ করছি যা গুটিকয়েক লোকের জন্য উত্তর দেয়।
নিউইয়র্কবাসীদের ধন্যবাদ জানিয়ে তিনি বলেন, তারা পরিবর্তনের জন্য, একটি নতুন ধরণের রাজনীতির জন্য, একটি শহরের জন্য একটি ম্যান্ডেট প্রদান করেছে এবং সেসব যেন এগিয়ে নিতে পারি। নিজের বিজয় ঘোষণা করে মামদানি বলেন, ১ জানুয়ারি, আমি নিউইয়র্ক সিটির মেয়র হিসেবে শপথ নেব।
তিনি আরও বলেন, নিউইয়র্ক অভিবাসীদের শহর হিসেবেই থাকবে। অভিবাসীদের দ্বারা নির্মিত, অভিবাসীদের দ্বারা চালিত এবং আজ রাত থেকে, একজন অভিবাসীর নেতৃত্বে পরিচালিত একটি শহর। আমরা সকলকে ভালবাসবো, আপনি অভিবাসী হোন বা না হোন।