গাজায় ফেরত আরো ১৫ ফিলিস্তিনির মরদেহ, মোট ৩৩০

যুদ্ধবিরতির চুক্তির অংশ হিসেবে ১৫ ফিলিস্তিনির মরদেহ হস্তান্তর করা হয়েছে। শনিবার হামাস নিয়ন্ত্রিত গাজার স্বাস্থ্য মন্ত্রণালয় এ তথ্য নিশ্চিত করেছে।

এএফপির খবরে বলা হয়, শুক্রবার ইসরাইলি বাহিনী রেড ক্রসের মাধ্যমে মরদেহগুলো ফেরত দিয়েছে।

গাজার স্বাস্থ্য মন্ত্রণালয়ের বিবৃতিতে বলা হয়, ইসরাইলি দখলদার বাহিনী শুক্রবার রেড ক্রসের মাধ্যমে ১৫ শহীদের মরদেহ হস্তান্তর করেছে। এ নিয়ে মোট ৩৩০ মরদেহ পাওয়া গেলো।

মন্ত্রণালয় আরো জানায়, এখনও পর্যন্ত ৯৭ জনের পরিচয় শনাক্ত করা গেছে।

৭৩ বছর বয়সী ইসরাইলি জিম্মি মেনি গডার্ডের দেহাবশেষের বিনিময়ে এই মরদেহগুলো ফেরত দেওয়া হয়েছে। হামাস বৃহস্পতিবার রেডক্রসের মাধ্যমে তার দেহাবশেষ ইসরাইলে ফেরত পাঠায়।