বিশ্বের দ্বিতীয় বৃহত্তম শহর বাংলাদেশের ঢাকা

জনসংখ্যার দিক থেকে জাপানের টোকিওকে পেছনে ফেলে বিশ্বের দ্বিতীয় বৃহত্তম শহরের তালিকায় উঠে এসেছে বাংলাদেশের রাজধানী ঢাকা।

জাতিসংঘের নতুন প্রতিবেদনে এ তথ্য উঠে এসেছে বলে বুধবার (২৬ নভেম্বর) জানিয়েছে সংবাদমাধ্যম আলজাজিরা।

ওই খবরে বলা হয়, জাতিসংঘের নতুন প্রতিবেদন অনুসারে, তালিকায় বর্তমানে প্রথম স্থানে রয়েছে ইন্দোনেশিয়ার রাজধানী জাকার্তা। আগে বিশ্বের বৃহৎ শহর ছিলো জাপানের রাজধানী টোকিও। যা এখন তালিকার তৃতীয় অবস্থানে।

আর, যে গতিতে জনসংখ্যা বাড়ছে তাতে ২০৫০ সাল নাগাদ ঢাকাই হবে বিশ্বের সবচেয়ে জনবহুল শহর।

dhaka

জাতিসংঘের তথ্য অনুযায়ী, জাকার্তায় এখন বাস করেন ৪ কোটি ১৯ লাখ মানুষ। ঢাকায় ৩ কোটি ৬৬ লাখ আর টোকিওতে থাকেন ৩ কোটি ৩৪ লাখ মানুষ।

প্রতিবেদন অনুসারে, বিশ্বের এই ৩৩ মেগাসিটির মধ্যে ১৯টিই এশিয়ায় আর শীর্ষ ১০টির মধ্যে ৯টি এই মহাদেশে। জাকার্তা, ঢাকা ও টোকিওর পর শীর্ষে দশে থাকা অন্য এশীয় শহরগুলো হল: ভারতের নয়া দিল্লি (৩ কোটি ২ লাখ), চীনের সাংহাই (২ কোটি ৯৬ লাখ), চীনের গুয়াংজু (২ কোটি ৭৬ লাখ), ফিলিপিন্সের ম্যানিলা (২ কোটি ৪৭ লাখ), ভারতের কলকাতা (২ কোটি ২৫ লাখ) এবং দক্ষিণ কোরিয়ার সিউল (২ কোটি ২৫ লাখ)।

dhaka

শীর্ষ দশে এশিয়ার বাইরের একমাত্র শহর মিশরের রাজধানী কায়রো। আফ্রিকা মহাদেশের এই শহরটির জনসংখ্যা ৩ কোটি ২০ লাখ।

ব্রাজিলের সাউ পাওলো শহর ১ কোটি ৮৯ লাখ বাসিন্দা নিয়ে দুই আমেরিকা মহাদেশের মধ্যে বৃহত্তম শহর হিসেবে অবস্থান করছে। আর নাইজেরিয়ার দ্রুত বর্ধিঞ্চু শহর লাগোস সাহারা মরুভূমির দক্ষিণাংশের বাকি আফ্রিকার সবচেয়ে বড় শহর।