তুরস্কের কৃষ্ণ সাগর উপকূলের কাছে রাশিয়ার ‘শ্যাডো ফ্লিট’ বা ছায়া নৌবহরের অন্তর্ভুক্ত একটি ট্যাঙ্কারে হামলার ঘটনা ঘটেছে। প্রাথমিকভাবে শুক্রবার রাতে আক্রান্ত হওয়ার পর শনিবার আবারও একবার ট্যাঙ্কারটি হামলার শিকার হয়। তুরস্ক সরকার জানিয়েছে, মানববিহীন একটি জলযান এই হামলা চালিয়েছে।
তুরস্কের পরিবহন মন্ত্রণালয় এক বিবৃতিতে জানিয়েছে, ট্যাঙ্কার ‘ভিরাট’ এই হামলায় সামান্য ক্ষতিগ্রস্ত হলেও স্থিতিশীল অবস্থায় রয়েছে এবং জাহাজের কর্মীরা সম্পূর্ণ সুস্থ আছেন।
মন্ত্রণালয় আরও জানিয়েছে, কৃষ্ণ সাগরে উপকূল থেকে প্রায় ৩৫ মাইল দূরে মানববিহীন জলযানের মাধ্যমে ভিরাট ট্যাঙ্কারটি আক্রান্ত হয়েছে বলে খবর পাওয়া গেছে। শনিবার সকালে এটি আবারও মানববিহীন জলযানের দ্বারা আক্রান্ত হয়। ট্যাঙ্কারটির জলরেখার উপরে ডান দিকে সামান্য ক্ষতি হয়েছে।
তবে এই হামলার পেছনে কার হাত রয়েছে, তা তাৎক্ষণিকভাবে স্পষ্ট নয়।
এছাড়াও, কৃষ্ণ সাগরে আরেকটি রাশিয়ার উদ্দেশ্যে যাত্রা করা ট্যাঙ্কারে বিস্ফোরণের পর আগুন লাগার ঘটনায় উদ্ধার ও আগুন নেভানোর কাজ চালিয়ে যাচ্ছে তুরস্কের কর্তৃপক্ষ।
আগুনের পর ২৭৪ মিটার দীর্ঘ ট্যাঙ্কার কাইরোস থেকে উদ্ধারকারী দল ২৫ জন কর্মীকে সরিয়ে নিয়েছে। শুক্রবার তুরস্ক জানিয়েছিল, রাশিয়ার নভোরোসিস্ক বন্দরের দিকে যাওয়ার সময় তুর্কি উপকূল থেকে ২৮ নটিক্যাল মাইল দূরে কাইরোস আক্রান্ত হবার খবর দেয়, বাইরে থেকে আসা কোনো বস্তুর আঘাতে আগুন লেগে যায়।
এলএসইজি ডেটা অনুযায়ী, কাইরোস এবং ভিরাট উভয় জাহাজই ২০২২ সালে ইউক্রেনে রাশিয়ার পূর্ণ মাত্রার আক্রমণের পর মস্কোর বিরুদ্ধে আরোপিত নিষেধাজ্ঞার আওতাভুক্ত জাহাজের তালিকায় রয়েছে।