ইন্দোনেশিয়ার রাজধানী জাকার্তায় মঙ্গলবার একটি অফিস ভবনে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনায় অন্তত ২০ জন নিহত হয়েছেন। যুক্তরাষ্ট্রভিক্তিক সংবাদ সংস্থার অ্যাসোসিয়েটেড প্রেসের (এপি) প্রতিবেদন অনুসারে, পুলিশ কর্মকর্তারা জানিয়েছেন, সাততলা ভবনটিতে আগুন ছড়িয়ে পড়লে আকাশ কালো ধোঁয়ায় ঢেকে যায়।
সেন্ট্রাল জাকার্তার পুলিশ প্রধান সুসত্য পুরণো চন্দ্রোকে উদ্ধৃত করে ফরাসি সংবাদ সংস্থা এএফপি জানিয়েছে, মৃত ২০ জনের মধ্যে পাঁচজন পুরুষ ও ১৫ জন নারী। তিনি আরও যোগ করেন, নিহতদের মধ্যে একজন গর্ভবতী মহিলাও রয়েছেন।
সেন্ট্রাল জাকার্তার ওই এলাকায় আগুনের কারণে আশপাশের বাসিন্দা ও কর্মীদের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে। স্থানীয় সংবাদমাধ্যম ‘কম্পাস টিভি’ জানিয়েছে, আগুন নিভিয়ে ফেলা হলেও ভবনটি থেকে লোকজনকে সরিয়ে নেয়ার কাজ চলছে, কারণ এখনও বেশ কয়েকজন ভেতরে আটকে আছেন বলে আশঙ্কা করা হচ্ছে।
স্থানীয় সংবাদ মাধ্যমে আরও জানা যায়, যে ভবনটিতে আগুন লাগে সেটি হলো; টেরা ড্রোন ইন্দোনেশিয়া’র অফিস। এই সংস্থাটি খনি থেকে শুরু করে কৃষি ক্ষেত্র পর্যন্ত বিভিন্ন ক্লায়েন্টের জন্য এরিয়াল সার্ভে কার্যক্রমের জন্য ড্রোন সরবরাহ করে।
কম্পাস টিভিকে দেয়া এক সাক্ষাৎকারে সেন্ট্রাল জাকার্তা মেট্রো পুলিশের প্রধান সিনিয়র কমিশনার সুসত্য পুরণো চন্দ্রো জানান, আগুন প্রথম লেগেছিল ভবনের একতলায় এবং কর্মীরা ছুটে গিয়ে আগুন নেভানোর চেষ্টা করেন।
তিনি বলেন, একতলায় একটি ব্যাটারিতে আগুন লেগেছিল, কর্মচারীরা সেটি নেভাতে সক্ষমও হন। কিন্তু পরে দেখা যায় যে ব্যাটারির আগুন ছড়িয়ে পড়েছে, কারণ একতলাটি গুদামগুলির মধ্যে একটি।
সুসত্য জানান, আগুন আরও বড় আকার ধারণ করে এবং ধোঁয়া ভবনের ষষ্ঠ তলা পর্যন্ত উঠে যায়। তিনি আরও বলেন, উদ্ধার হওয়া সব মরদেহ শনাক্তকরণের জন্য ক্রামত জাতি পুলিশ হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে।