পূর্ব প্রশান্ত মহাসাগরে তিনটি জাহাজ লক্ষ্য করে হামলা চালিয়েছে যুক্তরাষ্ট্র। এসব হামলায় আটজন নিহত হওয়ার দাবি করেছে মার্কিন বাহিনী। এমন সময় তারা এই হামলা করলো যখন যুক্তরাষ্ট্র ও ভেনেজুয়েলার মধ্যে চরম উত্তেজনা বিরাজ করছে।
গত সেপ্টেম্বর থেকে যুক্তরাষ্ট্র ও ভেনেজুয়েলার মধ্যে নতুন করে উত্তেজনা শুরু হয়েছে। কয়েক দশকের মধ্যে ক্যারিবীয়ান অঞ্চলে সবচেয়ে বড় মার্কিন নৌ মোতায়েন এবং মাদকবাহী নৌযানগুলোর ওপর হামলার জেরে দুই দেশের মধ্যে এ উত্তেজনা দেখা দেয়।
এর মধ্যে সোমবার প্রশান্ত মহাসাগরে আন্তর্জাতিক জলসীমায় আবারো হামলা চালিয়েছে যুক্তরাষ্ট্র। ভেনেজুয়েলার একটি তেলবাহী জাহাজ আটক করার কয়েক দিনের মধ্যেই চালানো এই হামলা নতুন করে উত্তেজনার পালে হাওয়া দিল।
সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া এক পোস্টে যুক্তরাষ্ট্রের মিলিটারি সাউদার্ন কমান্ড- সাউথকম জানিয়েছে, পূর্ব প্রশান্ত মহাসাগরে তিনটি জাহাজে এই হামলা চালানো হয়েছে। এতে নিহতরা মাদক পাচারের সঙ্গে যুক্ত বলে দাবি করেছে মার্কিন সেনারা।
আন্তর্জাতিক আইন বিশেষজ্ঞদের বলছেন, গত কয়েক মাসে ভেনেজুয়েলার কাছাকাছি প্রশান্ত মহাসাগর ও ক্যারিবীয় সাগরে মার্কিন বাহিনীর চালানো এ ধরনের হামলায় এখন পর্যন্ত অন্তত ৯০ জন নিহত হয়েছে।
এসব ঘটনাকে যুক্তরাষ্ট্রের সেনাবাহিনীর দ্বারা সংঘটিত বিচারবহির্ভূত হত্যাকাণ্ড বলে আখ্যা দিয়েছেন তারা।
ভেনেজুয়েলার অভিযোগ, যুক্তরাষ্ট্র ও তার মিত্ররা ভেনেজুয়েলার অগাধ তেল ও গ্যাস সম্পদ লুটে নেওয়ার উদ্দেশ্যেই ওয়াশিংটন এমন করছে। তবে পেন্টাগনের দাবি, মাদক পাচার রোধেই তাদের এই পদক্ষেপ।
এদিকে, ভেনেজুয়েলার একেবারে কাছেই অবস্থিত ক্যারিবীয় দেশ ত্রিনিদাদ অ্যান্ড টোবাগো যুক্তরাষ্ট্রকে তাদের বিমানবন্দর ব্যবহারের অনুমতি দিয়েছে।
দেশটি জানায়, আগামী কয়েক সপ্তাহে মার্কিন সামরিক বিমানগুলো ‘লজিস্টিক কার্যক্রম’, সরবরাহ পুনঃভরাট এবং সেনা সদস্যদের নিয়মিত রোটেশনের কাজে এসব বিমানবন্দর ব্যবহার করবে।