ভেনেজুয়েলার ভূখণ্ডে হামলা চালাতে কংগ্রেসের অনুমোদনের প্রয়োজন নেই বলে জানিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।
এমন মন্তব্যের পর যদিও সমুদ্রে চালানো হামলার মাধ্যমে তিনি ইতোমধ্যেই তার সাংবিধানিক ক্ষমতার সীমা অতিক্রম করছেন বলে সমালোচনা শুরু হয়েছে।
বার্তা সংস্থা এএফপির খবরে বলা হয়েছে, লাতিন আমেরিকার দেশটিতে স্থলভাগে মাদকচক্রের বিরুদ্ধে হামলার জন্য ট্রাম্প যুক্তরাষ্ট্রের আইন প্রণেতাদের অনুমোদন চাইবেন কি-না, এমন এক প্রশ্নের জবাব মার্কিন প্রেসিডেন্ট বলেন, এতে তার কোনো সমস্যা বা আপত্তি নেই।
তবে তিনি এও বলেন যে রাজনীতিকরা ‘চালুনির মতো তথ্য ফাঁস করে থাকেন’, তাই এ নিয়ে তার যথেষ্ট উদ্বেগ রয়েছে।
তিনি ওভাল অফিসে বলেন, আমি তাদেরকে এ কথা জানাতে আপত্তি করবো না। কিন্তু আপনারা জানেন তো, এটা বড় কোনো বিষয় নয়। আমাকে তাদের জানাতেই হবে— এমন কোনো বাধ্যবাধকতা নেই।
যুক্তরাষ্ট্র গত সেপ্টেম্বর মাস থেকে ক্যারিবীয় ও প্রশান্ত মহাসাগরে ‘মাদক পাচারকারী’ নৌযানগুলোকে লক্ষ্য করে একাধিক বিমান হামলা চালিয়েছে। এসব হামলায় অন্তত ৯৯ জন নিহত হয়েছে।
যুক্তরাষ্ট্রের এ ধরনের অভিযানের বৈধতা নিয়েও ব্যাপক বিতর্ক শুরু হয়েছে।
ভেনেজুয়েলার প্রেসিডেন্ট নিকোলাস মাদুরো দাবি করেছেন, মাদক পাচার বন্ধের অজুহাতে যুক্তরাষ্ট্র আসলে তার সরকারের পতন ঘটাতে চাইছে।
যুক্তরাষ্ট্রের সংবিধান অনুযায়ী, প্রেসিডেন্ট সশস্ত্র বাহিনীর সর্বাধিনায়ক হলেও, আনুষ্ঠানিকভাবে যুদ্ধ ঘোষণা করার ক্ষমতা কেবল কংগ্রেসের। আর এই বিষয়টি শুধু ডেমোক্র্যাট বিরোধীরাই নয়, প্রেসিডেন্টের নিজ দলের কিছু আইনপ্রণেতাও তুলে ধরেছেন।