ভেনেজুয়েলার প্রেসিডেন্ট নিকোলাস মাদুরো ও তার স্ত্রী সিলিয়া ফ্লোরেসকে মার্কিন বাহিনী আটকের পর এখন আলোচনার কেন্দ্রে রয়েছেন তাদের ছেলে নিকোলাস এর্নেস্তো মাদুরো গুয়েরা। মার্কিন আদালতের নতুন নথিতে তার মাদক পাচার সংক্রান্ত চাঞ্চল্যকর তথ্য উঠে এসেছে।
মাদুরো ও তার স্ত্রীকে আটকের পর এবার তাদের ৩৫ বছর বয়সী ছেলে নিকোলাস এর্নেস্তো মাদুরো গুয়েরার বিরুদ্ধে গুরুতর অভিযোগ এনেছে মার্কিন প্রশাসন। ‘নিকোলাসিতো’ বা ‘দ্য প্রিন্স’ নামে পরিচিত তরুণকে ভেনেজুয়েলার রাষ্ট্রীয় মদদপুষ্ট মাদক পাচার চক্রের অন্যতম প্রধান সমন্বয়ক হিসেবে চিহ্নিত করা হয়েছে।
কে এই ‘দ্য প্রিন্স’?
১৯৯০ সালে মাদুরোর প্রথম স্ত্রী আদ্রিয়ানা গুয়েরা আঙ্গুলোর ঘরে জন্ম নেওয়া নিকোলাস এর্নেস্তো ছিলেন ভেনেজুয়েলার জাতীয় সংসদের সদস্য। তাকে মাদুরোর রাজনৈতিক উত্তরসূরি হিসেবে বিবেচনা করা হতো। তবে মার্কিন কৌসুলিদের মতে, রাজনীতির আড়ালে তিনি আসলে আন্তর্জাতিক মাদক সাম্রাজ্যের কর্ণধার।
যেভাবে চলত মাদক পাচার
মার্কিন ফেডারেল প্রসিকিউটরদের তথ্য অনুযায়ী, রাষ্ট্রীয় সম্পদ ও সামরিক বাহিনীকে ব্যবহার করে মাদুরো পুত্র যুক্তরাষ্ট্রে কোকেন পাচার করতেন।
রাষ্ট্রীয় বিমানের অপব্যবহার: ২০১৪ থেকে ২০১৫ সালের মধ্যে তিনি মাসে দুবার রাষ্ট্রীয় মালিকানাধীন একটি ফ্যালকন জেটে চড়ে মার্গারিটা দ্বীপে যেতেন। অভিযোগ রয়েছে, প্রতিটি ফ্লাইটের আগে সামরিক কর্মকর্তাদের উপস্থিতিতেই বিমানে বিপুল পরিমাণ কোকেনের প্যাকেট তোলা হতো।
যুক্তরাষ্ট্রের আকাশসীমায় চ্যালেঞ্জ: একটি হলফনামায় দাবি করা হয়েছে, মাদুরো গুয়েরা দম্ভ করে বলতেন এই বিমানটি যুক্তরাষ্ট্রের আকাশসীমাসহ যেখানে খুশি উড়তে পারে।
বিশাল চালান: ২০১৭ সালে তিনি ভেনেজুয়েলা থেকে ফ্লোরিডার মিয়ামিতে শত শত কেজি কোকেন পাঠানোর সমন্বয় করেন। এমনকি মিয়ামিতে অবিক্রিত নিম্নমানের কোকেন নিউইয়র্কে পাঠানর এবং স্ক্র্যাপ মেটাল কন্টেইনারের মাধ্যমে মার্কিন বন্দরে ড্রাগ পাচারের পরিকল্পনাও ছিল তার।
‘কার্টেল দে লস সোলেস’ ও মাদুরো পরিবার
তদন্তে দেখা গেছে, ‘দ্য প্রিন্স’ মূলত ‘কার্টেল দে লস সোলেস’ নামক একটি মাদক সংগঠনের হয়ে কাজ করতেন, যার নেতৃত্বে ছিলেন ভেনেজুয়েলা সরকারের উচ্চপদস্থ কর্মকর্তারা। মাদক ব্যবসার অর্থ দিয়ে মাদুরোর স্ত্রী সিলিয়া ফ্লোরেসের রাজনৈতিক কর্মকাণ্ড এবং বিভিন্ন নির্বাচনী প্রচারণার খরচ চালানো হতো বলে অভিযোগে উল্লেখ করা হয়েছে।
মাদুরো পরিবারের বিরুদ্ধে মূল অভিযোগসমূহ
মার্কিন চার্জশিটে মাদুরো, তার স্ত্রী এবং ছেলের বিরুদ্ধে তিনটি প্রধান অপরাধের উল্লেখ করা হয়েছে-
১. নার্কো-টেররিজম কনস্পিরেসি: সন্ত্রাসী সংগঠনগুলোকে সুবিধা দেয়ার লক্ষ্যে মাদক পাচার।
২. কোকেন আমদানি: মার্কিন বাজারে বড় বড় চালানে কোকেন প্রবেশ করানো।
৩. অস্ত্র ও ধ্বংসাত্মক সরঞ্জাম ব্যবহার: মাদক ব্যবসা ও অপারেশন সুরক্ষায় ভারী অস্ত্র ও আগ্নেয়াস্ত্র ব্যবহার।