ভেনেজুয়েলার রাজনীতিতে এক প্রলয়ঙ্কারি মোড় নিয়েছে। শনিবার ভোরে মার্কিন বিশেষ বাহিনীর এক আকস্মিক অভিযানে দেশটির বামপন্থী প্রেসিডেন্ট নিকোলাস মাদুরো এবং তার স্ত্রী সিলিয়া ফ্লোরেসকে আটক করা হয়েছে। বর্তমানে তারা নিউইয়র্কের ব্রুকলিনে অবস্থিত একটি ফেডারেল কারাগারে বন্দি রয়েছেন।
মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প জানিয়েছেন, স্থানীয় সময় রাত ২:০১ মিনিটে মার্কিন সামরিক বাহিনীর শীর্ষ কাউন্টার-টেররিজম ইউনিট 'ডেল্টা ফোর্স' মাদুরোর বাসভবনে আক্রমণ চালায়।
সিআইএ-র এক তথ্যদাতার সহায়তায় মাদুরোর অবস্থান নিশ্চিত করা হয়। অভিযান চলার সময় কারাকাসের বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন করে দেয়া হয়েছিল।
ট্রাম্প বলেন, মাদুরো একটি সুরক্ষিত 'সেফ রুম'-এ ঢোকার চেষ্টা করলেও দরজা বন্ধ করতে ব্যর্থ হন এবং আটক হন। এই অভিযানে ১৫০টিরও বেশি বিমান অংশ নেয় এবং লা কার্লোটা বিমানঘাঁটি ও ফুয়ের্তে তিউনাসহ অন্তত পাঁচটি গুরুত্বপূর্ণ সামরিক স্থাপনায় বিমান হামলা চালানো হয়।
মাদুরোর বিরুদ্ধে আনা অভিযোগ
নিউ ইয়র্কের আদালতে মাদুরো ও তার স্ত্রীর বিরুদ্ধে নার্কো-টেররিজম (মাদক-সন্ত্রাসবাদ), কোকেন আমদানি এবং মেশিনগান ও ধ্বংসাত্মক সরঞ্জাম রাখার অভিযোগ আনা হয়েছে। মার্কিন অ্যাটর্নি জেনারেল প্যাম বন্ডি জানিয়েছেন, তারা খুব শিগগিরই আমেরিকার মাটিতে বিচারের মুখোমুখি হবেন।
ভেনেজুয়েলার বর্তমান নেতৃত্ব ও ট্রাম্পের পরিকল্পনা
ভেনিজুয়েলার ভাইস-প্রেসিডেন্ট ডেলসি রদ্রিগেজ, যিনি মাদুরোর অত্যন্ত ঘনিষ্ঠ হিসেবে পরিচিত, দেশটির সুপ্রিমকোর্টের মাধ্যমে শপথ গ্রহণের পর এখন দেশটির অন্তর্বর্তী প্রেসিডেন্ট হিসেবে দায়িত্ব পালন করছেন। শনিবার তিনি মাদুরোর মুক্তি দাবি করে বলেন, মাদুরোই দেশটির একমাত্র প্রেসিডেন্ট।
একটি নিরাপদ, যথাযথ ও বিচক্ষণ ক্ষমতা হস্তান্তর না হওয়া পর্যন্ত মার্কিন যুক্তরাষ্ট্র ভেনেজুয়েলা পরিচালনা করবে- ট্রাম্পের এমন দাবির পরেও মাদুরোর মিত্ররাই বর্তমানে দেশটির নিয়ন্ত্রণে রয়েছেন।
যুক্তরাষ্ট্র ঠিক কীভাবে ভেনেজুয়েলা পরিচালনা করার পরিকল্পনা করছে বা কারা এতে জড়িত থাকবে তা স্পষ্ট নয়, তবে মার্কিন প্রেসিডেন্ট বলেছেন এটি একটি সম্মিলিত প্রচেষ্টা হবে।
তিনি আরও যোগ করেন যে, মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও রদ্রিগেজের সাথে কথা বলেছেন এবং রদ্রিগেজ ‘যুক্তরাষ্ট্র যা বলবে তাই করতে’ তার ইচ্ছার কথা জানিয়েছেন।
যদিও ট্রাম্পের এই দাবি রদ্রিগেজের জনসমক্ষে দেয়া বক্তব্যের সম্পূর্ণ বিপরীত; রদ্রিগেজ প্রকাশ্যে বলেছিলেন, ভেনেজুয়েলা কোনো সাম্রাজ্যের উপনিবেশ হবে না।
ট্রাম্প আরও বলেন, তিনি ভেনেজুয়েলার বিরোধীদলীয় নেত্রী মারিয়া করিনা মাচাদোর সাথে কথা বলেননি। ট্রাম্পের মতে, ভেনেজুয়েলার নেতা হওয়ার জন্য মাচাদোর প্রয়োজনীয় জনসমর্থন বা সম্মান- কোনোটিই নেই। মাচাদো এর আগে এডমুন্ডো গঞ্জালেসকে ক্ষমতা গ্রহণের আহ্বান জানিয়েছিলেন।
তিনি ২০২৪ সালের প্রেসিডেন্ট নির্বাচনে গঞ্জালেসের পক্ষে ব্যাপক জনসমর্থন তৈরি করেছিলেন এবং তার দলের প্রকাশিত ভোট গণনা অনুযায়ী গঞ্জালেস বিপুল ব্যবধানে জয়ী হয়েছিলেন।
ভেনেজুয়েলার জন্য পরবর্তী পদক্ষেপ কী?
মার্কিন কর্মকর্তারা ভেনিজুয়েলায় আর কোনো অভিযানের পরিকল্পনা নেই বলে ইঙ্গিত দিলেও, সেখানে সেনা মোতায়েন সংক্রান্ত এক প্রশ্নের জবাবে ট্রাম্প বলেন, আমরা সরাসরি সেনা অভিযানে ভয় পাই না।
ট্রাম্প আরও জানান যে, মার্কিন তেল কোম্পানিগুলো ভেনিজুয়েলার ভেঙে পড়া অবকাঠামো মেরামত করবে এবং দেশটিতে ধনী দেশে পরিণত করবে। তিনি বলেন, আমরা ভূগর্ভ থেকে বিপুল পরিমাণ সম্পদ উত্তোলন করতে যাচ্ছি, যা ভেনিজুয়েলার জনগণ এবং যুক্তরাষ্ট্রের কাজে লাগবে।
তিনি আরও যোগ করেন, এই অভিযানে আমাদের যা খরচ হয়েছে, তার সবটাই আমরা উসুল করে নেব। এছাড়াও ট্রাম্প জানান, যুক্তরাষ্ট্র অন্যান্য দেশের কাছে ভেনিজুয়েলার তেল বিক্রি করবে।
অন্যদিকে, ভেনেজুয়েলা সরকার এই আক্রমণকে ভেনিজুয়েলার কৌশলগত সম্পদ, বিশেষ করে তেল এবং খনিজ সম্পদ দখলের একটি অপচেষ্টা হিসেবে বর্ণনা করেছে। তাদের মতে, এটি জাতির রাজনৈতিক স্বাধীনতাকে জোরপূর্বক চূর্ণ করার একটি প্রয়াস।
উল্লেখ্য, ভেনিজুয়েলায় বিশ্বের বৃহত্তম তেলের মজুদ রয়েছে, তবে এটি মূলত ভারী ও সালফারযুক্ত তেল। এই ধরনের তেল পরিশোধন করা কঠিন হলেও ডিজেল এবং অ্যাসফল্ট তৈরির জন্য অত্যন্ত উপযোগী। অন্যদিকে, যুক্তরাষ্ট্র সাধারণত হালকা ও মিষ্টি তেল উৎপাদন করে, যা পেট্রোল তৈরির জন্য ব্যবহৃত হয়।
মাদুরোর বিরুদ্ধে কী কী অভিযোগ আনা হয়েছে?
মার্কিন অ্যাটর্নি জেনারেল প্যাম বন্ডি জানিয়েছেন, নিউইয়র্কের সাউদার্ন ডিস্ট্রিক্টে মাদুরো এবং তার স্ত্রীর বিরুদ্ধে আনুষ্ঠানিক অভিযোগ আনা হয়েছে।
তাদের বিরুদ্ধে মাদক-সন্ত্রাসবাদ এবং কোকেন আমদানির ষড়যন্ত্র, মেশিনগান ও ধ্বংসাত্মক সরঞ্জাম রাখা, এবং যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে মেশিনগান ও ধ্বংসাত্মক সরঞ্জাম রাখার ষড়যন্ত্র করার অভিযোগ আনা হয়েছে।
সামাজিক যোগাযোগ মাধ্যম এক্সে বন্ডি লেখেন, তারা (মাদুর ও তার স্ত্রী) শিগগিরই মার্কিন মাটিতে, মার্কিন আদালতে মার্কিন বিচার ব্যবস্থার পূর্ণ রোষের মুখোমুখি হবে।
মাদুরো কে এবং কেন তাকে আটক করা হলো?
মাদুরো ভেনিজুয়েলার বামপন্থী প্রেসিডেন্ট হুগো চাভেজের নেতৃত্বে রাজনৈতিক পাদপ্রদীপে উঠে আসেন এবং ২০১৩ সালে চাভেজের উত্তরসূরি হিসেবে প্রেসিডেন্টের দায়িত্ব গ্রহণ করেন।
যুক্তরাষ্ট্রে লাখ লাখ ভেনিজুয়েলান অভিবাসীর আগমন এবং যুক্তরাষ্ট্রে মাদকের চালান, বিশেষ করে ফেন্টানাইল ও কোকেন পাচার নিয়ে ট্রাম্পের সাথে মাদুরোর দীর্ঘদিনের বিরোধ রয়েছে।
তবে মাদকবিরোধী বিশেষজ্ঞরা বলছেন, ভেনিজুয়েলা মূলত অন্য দেশে উৎপাদিত মাদক পাচারের ট্রানজিট রুট হিসেবে ব্যবহৃত হয়। অন্যদিকে, ফেন্টানাইল প্রধানত মেক্সিকোতে উৎপাদিত হয় এবং সাধারণত দুই দেশের স্থল সীমান্ত দিয়ে যুক্তরাষ্ট্রে প্রবেশ করে।
ট্রাম্প ভেনিজুয়েলার দুটি মাদক চক্র- 'ট্রেন ডি আরাগুয়া’ এবং ‘কার্টেল দে লস সোলেস’-কে বিদেশি সন্ত্রাসী সংগঠন হিসেবে চিহ্নিত করেছেন। তার অভিযোগ, শেষের সংগঠনটি স্বয়ং মাদুরো পরিচালনা করতেন।
মাদুরো কোনো ড্রাগ কার্টেলের নেতা হওয়ার কথা তীব্রভাবে অস্বীকার করেছেন। তার মতে, যুক্তরাষ্ট্র তাকে ক্ষমতাচ্যুত করতে এবং ভেনিজুয়েলার তেলের দখল নিতে মাদকের বিরুদ্ধে যুদ্ধকে একটি অজুহাত হিসেবে ব্যবহার করছে।
সাম্প্রতিক মাসগুলোতে মার্কিন বাহিনী আন্তর্জাতিক জলসীমায় মাদক পাচারে জড়িত থাকার অভিযোগে বিভিন্ন নৌযানে দুই ডজনেরও বেশি হামলা চালিয়েছে, যাতে ১০০-এর বেশি মানুষ নিহত হয়েছে।
আন্তর্জাতিক প্রতিক্রিয়া
এই অভিযানের পর বিশ্বজুড়ে মিশ্র প্রতিক্রিয়া দেখা দিয়েছে। রাশিয়া একে সশস্ত্র আগ্রাসন বলে নিন্দা জানিয়েছে এবং চীন অবিলম্বে মাদুরোর মুক্তি দাবি করেছে।
ব্রাজিল, কলম্বিয়া ও কিউবা এই আক্রমণকে ভেনেজুয়েলার সার্বভৌমত্বের ওপর আঘাত হিসেবে বর্ণনা করেছে। তবে আর্জেন্টিনার প্রেসিডেন্ট হাভিয়ের মিলেই একে স্বাধীনতার জয় বলে স্বাগত জানিয়েছেন।
জাতিসংঘ মহাসচিব আন্তর্জাতিক আইন লঙ্ঘিত হওয়ায় গভীর উদ্বেগ প্রকাশ করেছেন। ইউরোপীয় ইউনিয়ন এবং যুক্তরাজ্য মাদুরোর শাসনের অবসানকে স্বাগত জানালেও আন্তর্জাতিক আইনের প্রতি শ্রদ্ধাশীল থাকার আহ্বান জানিয়েছে।
ভেনেজুয়েলার সরকার এই আক্রমণকে দেশটির তেল ও খনিজ সম্পদ দখলের একটি অপচেষ্টা হিসেবে অভিহিত করেছে। বিশ্বের বৃহত্তম তেলের মজুদ থাকা এই দেশটিতে এখন কী ঘটতে যাচ্ছে, তা নিয়ে বিশ্বজুড়ে চরম উদ্বেগ বিরাজ করছে।