পঞ্জশির ঘিরে রেখেছে তালেবান, গৃহযুদ্ধের আশঙ্কা

আফগানিস্তানের পঞ্জশির উপত্যকায় আফগান প্রতিরোধ বাহিনীর সাথে তালেবানের যুদ্ধের খবর পাওয়া গেছে। 

শনিবার (৪ সেপ্টেম্বর) তালেবান সদস্যরা পঞ্জশির এবং কাপিসা প্রদেশের সীমান্তবর্তী দরবান্দ হাইটস পর্যন্ত পৌঁছে যায় বলে জানিয়েছেন ন্যাশনাল রেজিস্টেন্স ফ্রন্টের মুখপাত্র ফাহিম দশতি। তবে, তারা তালেবানকে আবার পিছু হটিয়ে দিয়ে সক্ষম হয়েছে বলে জানিয়েছেন তিনি। 

সেখানকার পরিস্থিতি নিজেদের নিয়ন্ত্রণে রাখার দাবি করছে উভয় পক্ষই। তবে কেউই এখন পর্যন্ত এ ব্যাপারে কোন প্রমাণ দেখাতে পারেনি। 

তালেবানের এক মুখপাত্র জানিয়েছে, পঞ্জশিরে যুদ্ধ চলমান রয়েছে। তবে, রাজধানী বাজারাক যাওয়ার পথে স্থলমাইন পোঁতা থাকায় তাদের অগ্রযাত্রা ধীরে চলছে। পঞ্জশিরের চারটি জেলার মধ্যে দুটিই দখল করে কেন্দ্রের দিকে অগ্রসর হচ্ছে বলে দাবি তাদের। 

আর এনআরএফ দাবি করছে, খাওয়াক পাসে হাজার হাজার তালেবান সদস্যকে কোণঠাসা করে ফেলার পর গাড়ি এবং অস্ত্র ফেলে পালিয়েছে তারা। 

আরও পড়ুন: কাবুলে নারী অধিকারের দাবিতে বিক্ষোভে তালেবানের বাগড়া

এদিকে, তালেবান পুরোপুরিভাবে ক্ষমতা নিজেদের দখলে না নিতে পারলে আফগানিস্তানে গৃহযুদ্ধ শুরু হওয়ার আশঙ্কা করছেন মার্কিন জেনারেল মার্ক মিলে। 

সরকার ঘোষণা করার আগে তালেবান পঞ্জশির দখলে নেয়ার চেষ্টা করছে বলে ধারণা করা হচ্ছে। গত শুক্রবার (৩ সেপ্টেম্বর) সরকার ঘোষণা করার কথা থাকলেও তা বারবার পিছিয়ে যাচ্ছে। সর্বশেষ তালেবান মুখপাত্র জাবিউল্লাহ মুজাহিদ জানিয়েছেন, নতুন সরকারের ঘোষণা এবং মন্ত্রিপরিষদ নিয়োগ আগামী সপ্তাহের মধ্যে শেষ হবে। 

তবে, আহমেদ মাসুদের নেতৃত্বে সাবেক আফগান সৈন্যদের নিয়ে গঠিত ন্যাশনাল রেজিস্টেন্স ফ্রন্ট পঞ্জশির উপত্যকায় তালেবান বিরোধী যুদ্ধ চালিয়ে যাচ্ছে। পঞ্জশিরে তাদের স্থান তারা বেশ শক্ত হাতেই দখল করে আছে। এর আগে সোভিয়েত ইউনিয়ন এবং নব্বইয়ের দশকে তালেবান শাসনামলেও তারা শক্তিশালী প্রতিরোধ গড়েছিল। 


একাত্তর/এসজে