আফগানিস্তানের রাজধানী কাবুলে নারী অধিকার আদায়ের দাবিতে আয়োজিত এক বিক্ষোভ র্যালিতে বাঁধা দিয়ে তাদের ছত্রভঙ্গ করে দিয়েছে তালেবান কর্তৃপক্ষ।
ওই র্যালি আয়োজনকারী নারীরা বলছেন, তারা শান্তিপূর্ণভাবে একটি ব্রিজ থেকে পদব্রজে প্রেসিডেন্টের বাসভবনের দিকে যাচ্ছিলেন। এমন সময় তাদের লক্ষ্য করে টিয়ার গ্যাস এবং পিপার স্প্রে ছোঁড়ে তালেবান সদস্যরা।
তবে তালেবান দাবি করছে, বিক্ষোভ নিয়ন্ত্রণের বাইরে চলে যাওয়ায় তারা হস্তক্ষেপ করতে বাধ্য হয়।
বিক্ষোভকারীরা কর্মস্থলে যোগদানের এবং এবং সরকারে অংশগ্রহণের অধিকারের দাবি করছিলেন। সম্প্রতি তালেবান জানিয়েছে, তাদের সরকারে নারীরা অংশগ্রহণ করতে পারবেন, তবে কোন গুরুত্বপূর্ণ পদে অধিষ্ঠিত হতে পারবেন না।
আরও পড়ুন: আফগান সরকার ঘোষণা পিছিয়ে দিলো তালেবান
আফগানিস্তানে তালেবান আবার ক্ষমতায় বসলে নারীরা তাদের আগের অবস্থায় ফিরে যাবে বলে আশঙ্কা করছেন অনেকেই। এর আগে ১৯৯৬ থেকে ২০০১ সাল পর্যন্ত তালেবান শাসনামলে নারীদের মুখমণ্ডলসহ সমস্ত শরীর ঢেকে রাখা বাধ্যতামূলক ছিল। নিষিদ্ধ ছিল পড়াশুনা। ছোট ছোট 'অপরাধের' জন্য তাদেরকে গুরুতর শাস্তির সম্মুখীন হতে হতো।
নারী অধিকার আদায়ের দাবিতে কাবুল ও হেরাত শহরে আন্দোলন করছেন নারীরা।
এদিকে, গত শুক্রবার (৩ সেপ্টেম্বর) তালেবান সরকার ঘোষণার কথা থাকলেও, তা বারবার পিছিয়ে যাচ্ছে। সর্বশেষ তালেবান মুখপাত্র জাবিউল্লাহ মুজাহিদ জানিয়েছেন, নতুন সরকারের ঘোষণা এবং মন্ত্রিপরিষদ নিয়োগ আগামী সপ্তাহের মধ্যে শেষ হবে।
একাত্তর/এসজে
