বাংলাদেশের প্রথম নারী প্রধানমন্ত্রী ও বিএনপির সাবেক চেয়ারপারসন প্রয়াত বেগম খালেদা জিয়ার মৃত্যুতে শোক প্রস্তাব উত্থাপন করেছে ভারতের রাজ্যসভা।
বুধবার (২৮ জানুয়ারি) দেশটির সংসদে এ সংক্রান্ত একটি প্রস্তাব উত্থাপন করা হয়। একই প্রস্তাবে রাজ্যসভার সাবেক দুই সদস্য এল গানেসেন ও সুরেশ কালনাদির মৃত্যুতেও শোক প্রস্তাব উত্থাপন করা হয়েছে।
বাংলাদেশে গণতন্ত্রের প্রশ্নে আপসহীন নেতৃত্বের জন্য পরিচিত খালেদা জিয়া গেলো ৩০ ডিসেম্বর এভারকেয়ার হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৮০ বছর।
পরদিন ৩১ ডিসেম্বর রাষ্ট্রীয় মর্যাদায় রাজধানীর জিয়া উদ্যানে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের কবরের পাশে তাঁকে চিরনিদ্রায় শায়িত করা হয়।
বেগম জিয়ার প্রতি শেষ শ্রদ্ধা জানাতে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর শোকবার্তায় নিয়ে ঢাকায় আসেন পররাষ্ট্রমন্ত্রী এস জয়শঙ্কর। পরে জয়শঙ্কর লেখেন, আমাদের অংশীদারত্বের উন্নয়নে বেগম খালেদা জিয়ার আদর্শ ও মূল্যবোধ পথ দেখাবে বলে আশা করছি। এছাড়া দুই জানুয়ারি চেন্নাইয়ের আইআইটি মাদ্রাসে শিক্ষার্থীদের সঙ্গে আলাপচারিতায় বেগম খালেদা জিয়ার শেষকৃত্যে অংশ নেওয়ার অভিজ্ঞতা বিনিময় করেন তিনি।
একই সঙ্গে খালেদা জিয়ার মৃত্যুতে গভীর শ্রদ্ধা ও সমবেদনা জানান ভারতের প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিং এবং লোকসভার বিরোধীদলীয় নেতা রাহুল গান্ধী।