পাঞ্জশির ‘সম্পূর্ণভাবে নিয়ন্ত্রণে’ নেওয়া হয়েছে- তালেবানের এমন দাবি প্রত্যাখ্যান করেছে আফগানিস্তানের ন্যাশনাল রেজিস্ট্যান্স ফ্রন্টের (এনআরএফ) যোদ্ধারা।
সোমবার (৬ আগস্ট) সকালে তালেবানের মুখপাত্র জাবিহুল্লাহ মুজাহিদ এক বিবৃতিতে বলেন, এই বিজয়ের মাধ্যমে আমাদের দেশকে পুরোপুরি যুদ্ধের জলাভূমি থেকে বের করে আনা হয়েছে।
তালেবান নেতার এমন বক্তব্যের বিপরীতে এনআরএফের পক্ষ থেকে এক টুইটার পোস্টে দাবি করা হয়েছে, তালেবানবিরোধী লড়াই অব্যাহত রাখার জন্য পাঞ্জশির উপত্যকাজুড়ে সব কৌশলগত অবস্থানে এনআরএফ বাহিনীর উপস্থিতি রয়েছে।
তালেবানের দাবি সম্পর্কে এনআরএফের মুখপাত্র আলি মাইসাম বিবিসিকে বলেন, এটা সত্য নয়, তালেবান পাঞ্জশির দখল করতে পারেনি। আমি তালেবানের দাবি প্রত্যাখ্যান করছি।
গত ১৫ আগস্ট তালেবান কাবুলের নিয়ন্ত্রণ নিয়ে নেয়। এসময় শুধু পাঞ্জশির ছাড়া ৩৪টি প্রদেশের ৩৩টির নিয়ন্ত্রণ ছিলো তাদের হাতে।
একাত্তর/এসি