সংযুক্ত আরব আমিরাতের বাণিজ্যিক কেন্দ্র দুবাই আজ (শনিবার) এক শক্তিশালী বিস্ফোরণে কেঁপে উঠেছে। বার্তা সংস্থা এএফপির প্রতিনিধিরা জানিয়েছেন, তারা শহরে বিকট শব্দে বিস্ফোরণ শুনতে পেয়েছেন এবং আকাশজুড়ে কালো ধোঁয়ার কুণ্ডলী উড়তে দেখেছেন।
ইরানের বিপ্লবী গার্ড বাহিনীর (আইআরজিসি) পক্ষ থেকে জানানো হয়েছে, যুক্তরাষ্ট্র ও ইসরাইলি হামলার জবাবে তারা এই প্রতিশোধমূলক ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে। দুবাইয়ের পাশাপাশি আবুধাবিতেও একাধিক বিস্ফোরণের খবর পাওয়া গেছে।
দুবাইয়ের বাসিন্দারা জানিয়েছেন, বিস্ফোরণটি এতই শক্তিশালী ছিলো যে তাতে দালানকোঠার জানালা পর্যন্ত কেঁপে ওঠে।
বর্তমান পরিস্থিতি বিবেচনায় দুবাইয়ের অন্যতম প্রধান আকর্ষণ বুর্জ খলিফা থেকে পর্যটক ও বাসিন্দাদের সতর্কতামূলকভাবে সরিয়ে নেওয়া হয়েছে। এছাড়া দুবাই আন্তর্জাতিক বিমানবন্দর ও শারজাহ বিমানবন্দরের সকল ফ্লাইট কার্যক্রম অনির্দিষ্টকালের জন্য স্থগিত ঘোষণা করা হয়েছে।
সংযুক্ত আরব আমিরাতের প্রতিরক্ষা মন্ত্রণালয় এক বিবৃতিতে জানিয়েছে, তাদের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা বেশ কয়েকটি ক্ষেপণাস্ত্র সফলভাবে প্রতিহত করেছে। তবে আবুধাবিতে ক্ষেপণাস্ত্রের ধ্বংসাবশেষের আঘাতে এক পাকিস্তানি নাগরিকের মৃত্যু হয়েছে বলে নিশ্চিত করা হয়েছে। আমিরাত সরকার একে ‘বিপজ্জনক উসকানি’ হিসেবে বর্ণনা করে এর দাঁতভাঙা জবাব দেওয়ার অধিকার রাখে বলে হুঁশিয়ারি দিয়েছে।
পুরো মধ্যপ্রাচ্য এখন এক চরম অনিশ্চয়তার মধ্য দিয়ে যাচ্ছে। বিশ্বনেতারা পরিস্থিতি শান্ত করার আহ্বান জানালেও ইরান তাদের হামলা অব্যাহত রাখার ঘোষণা দিয়েছে।