অবশেষে আফগান সরকার গঠনের ঘোষণা দিলো তালেবান। প্রাথমিকভাবে সরকারের ঊর্ধ্বতন কয়েকজন নেতার নাম ঘোষণা করা হয়েছে।
সরকারে অন্তর্বর্তীকালীন প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব পালন করবেন মোল্লা মোহাম্মদ হাসান আখুন্দ। নতুন এ আফগান প্রধানমন্ত্রী নাম জাতিসংঘের সন্ত্রাসী তালিকায় থাকলেও বিষয়টিকে তেমন গুরুত্ব দেয়নি তালেবানরা।
মঙ্গলবার (৭ সেপ্টেম্বর) রাতে রাজধানী কাবুলে এক সংবাদ সম্মেলনে তালেবান মুখপাত্র জাবিউল্লাহ মুজাহিদ নতুন সরকারের মন্ত্রীদের নাম ঘোষণা করেন। সরকারের নেতৃত্বে থাকা সবাই ভারপ্রাপ্ত হিসাবে কাজ করবেন বলে জানিয়েছেন জাবিউল্লাহ।
এদিকে নতুন সরকারের প্রধানমন্ত্রী হিসেবে তালেবানের সহ-প্রতিষ্ঠাতা মোল্লা আব্দুল গণি দেরাদরের নাম বারবার শোনা গেলেও, নতুন সরকারের উপ-প্রধান হিসাবে কাজ করবেন তিনি।
এছাড়া অন্তর্বর্তীকালীন স্বরাষ্ট্রমন্ত্রী হিসেবে সরকারে আছেন সররাজউদ্দিন হাক্কানি, প্রতিরক্ষামন্ত্রী হিসেবে মোল্লা ইয়াকুব এবং পররাষ্ট্রমন্ত্রীর পদে থাকছেন আমির খান মুত্তাকি।
প্রায় আড়াই দশক আগে মোল্লা ওমরের নেতৃত্বে আফগানিস্তানের ক্ষমতা এসেছিল তালেবানরা। কিন্তু সে সময় মাত্র পাঁচ বছরের মাথায় মার্কিন ও ন্যাটো সেনাদের কাছে ক্ষমতা হারায় তারা।
ঠিক দুই দশক পর পশ্চিমা সেনারা আফগানিস্তান ছেড়ে যেতেই আবার দেশটির ক্ষমতা দখল করে তালেবানরা। সংগঠনের প্রতিষ্ঠাতা সেই প্রয়াত মোল্লা ওমরের সহযোগী মোল্লা হাসান আখুন্দকের নেতৃত্বেই গঠিত হলো নতুন আফগান সরকার।
এর আগে শনিবার (৪ সেপ্টেম্বর) সংগঠনটির মুখপাত্র জাবিউল্লাহ মুজাহিদ জানিয়েছিলেন, আফগান সরকার গঠনের প্রস্তুতি প্রায় শেষ। যে কোনো সময় ঘোষণা আসতে পারে।
কিন্তু শেষ পর্যন্ত শনিবারও (৫ সেপ্টেম্বর) সরকার গঠনের ঘোষণা দিতে পারেনি তালেবান। সংগঠনের মুখপাত্র জাবিউল্লাহ মুজাহিদ বলেছিলেন, সরকার ঘোষণা পিছিয়ে দেওয়া হয়েছে।
আরও পড়ুন: মোল্লা বেরাদর নন তালেবান সরকার প্রধান হাসান আখুন্দ
এরইমধ্যে স্বাভাবিক হতে শুরু করেছে আফগানিস্তানের রাজধানী কাবুলের জনজীবন। কাবুলের বিমানবন্দর খুলে দেওয়া হয়েছে। এতে বিদেশিদের সাহায্য আবারও পৌঁছাতে শুরু করেছে কাবুলে। সেই সঙ্গে চালু হয়েছে অভ্যন্তরীন ফ্লাইটও।
রাজধানী কাবুল এখন সরগরম তালেবান নেতাদের আনাগোনায়। তবে নতুন সরকারের নেতৃত্বে গোষ্ঠীটির সহ-প্রতিষ্ঠাতা মোল্লা আব্দুল গণি দেরাদরের নাম আসলেও শেষ পর্যন্ত অন্তর্বর্তীকালীন প্রধানমন্ত্রী হিসেবে মোল্লা মোহাম্মদ হাসান আখুন্দকে বেছে নিলো তালেবান।
একাত্তর/আরবিএস