মধ্যপ্রাচ্যে ইরান, ইসরাইল এবং যুক্তরাষ্ট্রের মধ্যে চলমান যুদ্ধ এক ভয়াবহ রূপ ধারণ করেছে। সোমবার সন্ধ্যায় মার্কিন সেন্ট্রাল কমান্ড (সেন্টকম) নিশ্চিত করেছে, কুয়েতের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থার ‘ভুল’ নিশানায় তাদের তিনটি এফ-১৫ যুদ্ধবিমান ভূপাতিত হয়েছে। এ ধরনের ভুলকে বলা হয় ‘ফ্রেন্ডলি ফায়ার’।
অপারেশন এপিক ফিউরির আওতায় ইরানের বিরুদ্ধে অভিযানে অংশ নেওয়া তিনটি এফ-১৫ই ‘স্ট্রাইক ইগল’ যুদ্ধবিমান কুয়েতের আকাশে বিধ্বস্ত হয়। সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া ভিডিওতে দেখা গেছে, একটি বিমান আগুনের গোলার মতো ঘুরতে ঘুরতে নিচে পড়ে যাচ্ছে।
তবে স্বস্তির বিষয় হলো, তিনটি বিমানের ছয় জন ক্রু-ই নিরাপদে বেরিয়ে আসতে সক্ষম হয়েছেন এবং তাদের উদ্ধার করা হয়েছে। কুয়েত সরকার এই অনাকাঙ্ক্ষিত ঘটনার কথা স্বীকার করেছে।
গত শনিবার ইরান ভূখণ্ডে ইসরাইল ও যুক্তরাষ্ট্রের যৌথ হামলার পর থেকেই পুরো পশ্চিম এশিয়া রণক্ষেত্রে পরিণত হয়েছে। যুদ্ধের প্রথম দিনেই ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনি নিহত হওয়ার খবর পরিস্থিতিকে আরও উত্তপ্ত করে তুলেছে।
এর প্রতিশোধ নিতে ইরান ইসরাইলের তেল আবিব এবং এই অঞ্চলে অবস্থিত মার্কিন সামরিক ঘাঁটিগুলো লক্ষ্য করে শত শত মিসাইল ও ড্রোন নিক্ষেপ করছে। সোমবার সকালেও উপসাগরীয় অঞ্চলের প্রধান শহরগুলো এবং জেরুজালেমে বিকট বিস্ফোরণের শব্দ শোনা গেছে।
উভয় পক্ষের এই পাল্টাপাল্টি হামলায় সাধারণ মানুষ চরম মূল্য দিচ্ছে। বিশ্বের অন্যতম ব্যস্ত দুবাই বিমানবন্দরটি কয়েক ঘণ্টার জন্য বন্ধ করে দেয়া হয়, যার ফলে এশিয়া ও ইউরোপের মধ্যকার বিমান যোগাযোগ মারাত্মকভাবে ব্যাহত হচ্ছে।
দুবাইয়ের একটি বিলাসবহুল হোটেলে ইরানি মিসাইল আঘাত হেনেছে। অন্যদিকে, ইরান দাবি করেছে যে মার্কিন-ইসরাইলি হামলায় দেশটির মিনাব শহরের একটি স্কুলে ১৬০ জনেরও বেশি মানুষ নিহত হয়েছে, যার মধ্যে বড় একটি অংশই শিশু।
গত ৭২ ঘণ্টায় হামলার তীব্রতা বহুগুণ বেড়েছে। হিজবুল্লাহর মতো আঞ্চলিক গোষ্ঠীগুলোও এখন সরাসরি এই যুদ্ধে জড়িয়ে পড়েছে। ইসরাইলি সেনাবাহিনী জানিয়েছে, তারা ইরান থেকে ধেয়ে আসা একের পর এক মিসাইল শনাক্ত করছে এবং পুরো দেশজুড়ে বিমান হামলার সাইরেন বাজছে।
সামরিক পর্যবেক্ষকদের মতে, এই যুদ্ধের পরিধি এবং ইরানের পাল্টা আক্রমণের ক্ষমতা সবাইকে অবাক করে দিয়েছে। পরিস্থিতি যেদিকে এগোচ্ছে, তাতে পুরো মধ্যপ্রাচ্য এক দীর্ঘস্থায়ী ও বিধ্বংসী সংকটের মুখে পড়ার আশঙ্কা দেখা দিয়েছে।
তথ্যসূত্র: বিবিসি-রয়টার্স-আল জাজিরা-এনডিটিভি