উত্তর-পূর্ব ভারতের আসাম রাজ্যে ভারতীয় বিমানবাহিনীর একটি যুদ্ধবিমান বিধ্বস্ত হয়ে দুই পাইলট নিহত হয়েছেন।
শুক্রবার বিমানবাহিনী (আইএএফ) এক বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করে জানিয়েছে, বৃহস্পতিবার (৫ মার্চ) সন্ধ্যায় আসাম রাজ্যে সুখোই এসইউ–৩০ এমকেআই বিমান দুর্ঘটনায় বিমানবাহিনীর দুই সদস্য নিহত হয়েছেন। তারা হলেন—স্কোয়াড্রন লিডার অনুজ ও ফ্লাইট লেফটেন্যান্ট পূর্বেশ দুর্গাকর।
ভারতীয় বিমানবাহিনী জানায়, যুদ্ধবিমানটি আসামের জোরহাট থেকে উড্ডয়ন করেছিল। এটি প্রশিক্ষণ মিশনে ছিল। উড্ডয়ন করার পর সেখান থেকে প্রায় ৬০ কিলোমিটার দূরে কার্বি আংলং জেলার পাহাড়ি এলাকায় বিধ্বস্ত হয়।
রাশিয়ার নির্মিত যুদ্ধবিমানটি বৃহস্পতিবার স্থানীয় সময় সন্ধ্যা ৭টা ৪২ মিনিটে যোরহাট বিমানবাহিনী স্টেশন থেকে উড্ডয়নের পর যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে যায়। এরপরই তল্লাশি ও উদ্ধার অভিযান শুরু করা হয়। তবে কি কারণে এ দুর্ঘটনা ঘটেছে তা এখনো জানা যায়নি।
জেলা পুলিশ জানিয়েছে, কার্বি আংলংয়ের বোকা জান মহকুমার স্থানীয় বাসিন্দারা একটি বিমান বিধ্বস্ত হওয়ার শব্দ শুনতে পান।
এক বিবৃতিতে বিমানবাহিনী জানিয়েছে, সুখোই-৩০ দুর্ঘটনায় স্কোয়াড্রন লিডার অনুজ ও ফ্লাইট লেফটেন্যান্ট পূর্বেশ দুর্গাকরের মৃত্যুতে ভারতীয় বিমানবাহিনী গভীর শোক প্রকাশ করছে। বিমানবাহিনীর সব সদস্য নিহত দুজনের পরিবারের প্রতি আন্তরিক সমবেদনা জানাচ্ছেন এবং এই শোকের সময়ে তাদের পাশে দৃঢ়ভাবে দাঁড়িয়েছেন।