ইরানের সঙ্গে চলমান যুদ্ধের বিরোধিতা করে পদত্যাগ করেছেন যুক্তরাষ্ট্রের জাতীয় সন্ত্রাস দমন কেন্দ্রের (এনসিটিসি) পরিচালক জোসেফ কেন্ট।
মঙ্গলবার (১৭ মার্চ) তিনি পদত্যাগপত্র জমা দেন। ডোনাল্ড ট্রাম্প প্রশাসনের প্রথম এবং সবচেয়ে ঊর্ধ্বতন কর্মকর্তা হিসেবে ইরান যুদ্ধের জেরে পদত্যাগের ঘটনা এটি। খবর রয়টার্সের।
পদত্যাগপত্রে কেন্ট উল্লেখ করেছেন, তেহরান যুক্তরাষ্ট্রের জন্য কোনো আসন্ন হুমকি নয়। সামাজিক যোগাযোগমাধ্যম এক্স-এ প্রেসিডেন্ট ট্রাম্পকে লেখা চিঠিতে তিনি বলেন, আমি বিবেকের তাড়নায় ইরানে চলমান যুদ্ধকে সমর্থন করতে পারি না। ইরান আমাদের দেশের জন্য কোনো আসন্ন হুমকি নয়। এটা স্পষ্ট যে, ইসরাইল ও তার শক্তিশালী লবির চাপে আমরা এই যুদ্ধ শুরু করেছি।
জোসেফ কেন্টের এই আকস্মিক পদত্যাগের খবরে গোয়েন্দা কর্মকর্তারা অপ্রস্তুত হয়ে পড়েছেন। হোয়াইট হাউস এবং জাতীয় গোয়েন্দা পরিচালকের কার্যালয় থেকে এ বিষয়ে মন্তব্যের অনুরোধ জানানো হলেও তাৎক্ষণিকভাবে কোনো সাড়া পাওয়া যায়নি।
বিশেষজ্ঞদের মতে, যুক্তরাষ্ট্রের বর্তমান আইন অনুযায়ী কোনো দেশের বিরুদ্ধে যুদ্ধ শুরু করতে হলে সেই দেশের পক্ষ থেকে ‘আসন্ন হুমকি’ থাকা আবশ্যক। কেন্টের দাবি অনুযায়ী যদি ইরান হুমকি না হয়ে থাকে, তবে এই যুদ্ধের বৈধতা নিয়ে প্রশ্ন উঠতে পারে।
জোসেফ কেন্ট জাতীয় গোয়েন্দা সংস্থার পরিচালক তুলসি গ্যাবার্ডের ঘনিষ্ঠ হিসেবে পরিচিত। তবে ইরান যুদ্ধ শুরু হওয়ার পর থেকে গ্যাবার্ড নিজেকে অনেকটা আড়ালে রেখেছেন। যুদ্ধের বিষয়ে তিনি এখন পর্যন্ত কোনো প্রকাশ্য বিবৃতি দেননি। চলতি মাসের শুরুতে ইরানের সঙ্গে সংঘাতের ঘটনায় নিহত মার্কিন সৈন্যদের মরদেহ হস্তান্তরের সময় তাকে শেষবার জনসমক্ষে দেখা গিয়েছিলো।