ইরানের মধ্যাঞ্চলে ভূপাতিত করা মার্কিন যুদ্ধবিমানের পাইলটকে উদ্ধারে ব্যাপক চেষ্টা চালাচ্ছে যুক্তরাষ্ট্র, তবে তাদের এ চেষ্টা ব্যর্থ হয়েছে বলে জানিয়েছে ইরানের আধা-সরকারি বার্তা সংস্থা তাসনিম নিউজ এজেন্সি।
বার্তা সংস্থাটি বলেছে, যুক্তরাষ্ট্র ভূপাতিত হওয়া যুদ্ধবিমানের পাইলটকে উদ্ধারের চেষ্টা চালাচ্ছে। কিন্তু ওই পাইলট জীবিত আছেন নাকি নিহত হয়েছেন সেটি এখনো স্পষ্ট নয়।
প্রতিবেদনে আরও বলা হয়েছে, পাইলট উদ্ধারের অভিযানে আছে একটি ব্ল্যাক হক হেলিকপ্টার ও সি-১৩০ হারকিউলিস বিমান। কিন্তু এখন পর্যন্ত তাদের চেষ্টা ব্যর্থ হয়েছে।
যুদ্ধবিমান ভূপাতিত করা নিয়ে যুক্তরাষ্ট্র এখন পর্যন্ত আনুষ্ঠানিকভাবে কিছু জানায়নি। তবে দুই মার্কিন কর্মকর্তার বরাতে ইংরেজি দৈনিক দ্য ওয়াশিংটন পোস্ট জানিয়েছে, দক্ষিণ ইরানে একটি মার্কিন যুদ্ধবিমান বিধ্বস্ত হওয়ার পর এর দুই আরোহীর সন্ধানে অনুসন্ধান ও উদ্ধার অভিযান শুরু হয়েছে।
এর আগে শুক্রবার (৩ এপ্রিল) সকালে মার্কিনিদের একটি এফ-৩৫ যুদ্ধবিমান বিধ্বস্ত করার দাবি করে ইসলামিক রেভলিউশনারী গার্ড কর্পস (আইআরজিসি)। একই সঙ্গে "অপারেশন ট্রু প্রমিজ" ফোরের অংশ হিসেবে সংযুক্ত আরব আমিরাতে মার্কিন পাইলটদের একটি গোপন আস্তানা ধ্বংস করেছে তারা।
ইরানে মার্কিন-ইসরাইলি আগ্রাসন শুরুর পর গত মার্চ মাসেও ইরানি বাহিনীর হামলার মুখে একটি মার্কিন এফ-৩৫ যুদ্ধবিমান জরুরি অবতরণ করতে বাধ্য হয়েছিল।