ট্রাম্পকে বোমা হামলা বন্ধের আহ্বান আইএইএ’র সাবেক প্রধানের

ইরানের প্রতি মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সর্বশেষ হুমকির পর পারমাণবিক নজরদারি সংস্থা আইএইএ’র সাবেক মহাপরিচালক মোহাম্মদ এল-বারাদেই উপসাগরীয় দেশগুলোকে সতর্ক করেছেন।

গতকাল শনিবার (৪ এপ্রিল) তিনি এই অঞ্চলকে ‘আগুনের গোলা’য় পরিণত করা থেকে ট্রাম্পকে বিরত রাখার আহ্বান জানান। বার্তা সংস্থা এএফপির এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।

১৯৯৭ থেকে ২০০৯ সাল পর্যন্ত আন্তর্জাতিক পরমাণু শক্তি সংস্থার (আইএইএ) নেতৃত্ব দেওয়া এল-বারাদেই সামাজিক যোগাযোগমাধ্যম এক্স-এ লিখেছেন, উপসাগরীয় সরকারগুলোর প্রতি আমার অনুরোধ, অনুগ্রহ করে এই অঞ্চলটিকে আগুনের গোলায় পরিণত করার আগেই যা কিছু সম্ভব করুন। এই পাগলামি যেন আমাদের অঞ্চলকে ধ্বংস না করে।

আরেকটি পোস্টে তিনি জাতিসংঘ, ইউরোপীয় ইউনিয়ন এবং ফ্রান্সের প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রোঁকে ট্যাগ করে প্রশ্ন তোলেন, এই উন্মত্ততা থামাতে কি কিছুই করার নেই?

একই সঙ্গে তিনি চীন ও রাশিয়ার পররাষ্ট্র মন্ত্রণালয়কেও উল্লেখ করেন।

এদিকে ট্রাম্প গতকাল সতর্ক করে বলেছেন, ইরানকে দ্রুত একটি চুক্তিতে পৌঁছাতে হবে, নতুবা কৌশলগতভাবে গুরুত্বপূর্ণ হরমুজ প্রণালি খুলে দিতে হবে। গত ২৮ ফেব্রুয়ারি তেহরানে মার্কিন-ইসরাইলি হামলার পর থেকে ইরান কার্যকরভাবে প্রণালিটি বন্ধ করে রেখেছে। ওই হামলার পর থেকেই অঞ্চলে বৃহত্তর যুদ্ধ শুরু হয়।

ট্রাম্প তার নিজস্ব সামাজিক যোগাযোগমাধ্যম ট্রুথ সোশ্যালে গত ২৬ মার্চের আল্টিমেটামের কথা স্মরণ করিয়ে দিয়ে লিখেছেন, আমি ইরানকে চুক্তিতে আসতে অথবা হরমুজ প্রণালি খুলে দিতে ১০ দিন সময় দিয়েছিলাম।

তিনি হুঁশিয়ারি দিয়ে বলেন, সময় ফুরিয়ে আসছে, ৪৮ ঘণ্টা পরেই তাদের ওপর নরক নেমে আসবে।