আন্তর্জাতিক আইন লঙ্ঘন করে ইরানের বেসামরিক স্থাপনায় হামলা চালানো হলে যুক্তরাষ্ট্র ও ইসরাইলের বিরুদ্ধে ‘আরও বিধ্বংসী’ প্রতিশোধমূলক হামলা চালানো হবে—এমন সতর্কবার্তা দিয়েছে তেহরান।
সোমবার ইরানের রাষ্ট্রীয় সম্প্রচারমাধ্যম আইআরআইবির টেলিগ্রাম বার্তায় প্রকাশিত এক বিবৃতিতে এ হুঁশিয়ারি দিয়েছে দেশটির সশস্ত্র বাহিনীর যৌথ অপারেশনাল সদর দপ্তর খাতাম আল-আম্বিয়া (কেন্দ্রীয় সদর দপ্তর)।
খাতাম আল-আমবিয়া কেন্দ্রীয় সদর দপ্তরের একজন মুখপাত্র বলেন, আবারও যদি বেসামরিক লক্ষ্যবস্তুতে হামলা করা হয়, তাহলে আমাদের পরবর্তী আক্রমণ ও প্রতিশোধমূলক অভিযান হবে আরও বেশি বিধ্বংসী ও ব্যাপক।
এর আগে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ইরানের বেসামরিক অবকাঠামো ধ্বংসের হুমকি দেন। তিনি হরমুজ প্রণালি পুনরায় খুলে দেওয়ার জন্য তেহরানকে তার দাবি মেনে নিয়ে একটি চুক্তিতে সম্মত হওয়ারও আহ্বান জানান। এই হুমকির পর ইরানও পাল্টা সামরিক ব্যবস্থা নেওয়ার হুঁশিয়ারি দিয়েছে।
ইরানের পক্ষ থেকে বলা হয়েছে, বেসামরিক লক্ষ্যবস্তুতে হামলা আন্তর্জাতিক আইনের স্পষ্ট লঙ্ঘন এবং এর জবাব দিতে তারা প্রস্তুত রয়েছে।